পটুয়াখালীতে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী চৌরাস্তা এলাকার সড়কের দুই পাশের সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে গতকাল বুধবার উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।
এর আগে সড়ক বিভাগ থেকে পটুয়াখালী সড়কের জিরো পয়েন্টের চৌরাস্তা এলাকায় ৮২ জন অবৈধ দখলদারকে চিহ্নিত করে উচ্ছেদের নোটিশ দেয় এবং মাইকিং করে তাঁদের অবৈধ স্থাপনা ২০ এপ্রিলের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেয়।
সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালী কার্যালয় থেকে জানা যায়, পটুয়াখালী মহাসড়কের জিরো পয়েন্টে চৌরাস্তা থেকে চারদিকে এক কিলোমিটার এলাকাজুড়ে সড়কের দুই পাশে সরকারি হুকুম দখলকৃত জমিতে দখলদারেরা অবৈধ স্থাপনা নির্মাণ করেছে; যা সড়কের পরিবেশ নষ্ট করছে এবং এ কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে।
এদিকে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর গতকাল সকাল ১০টার দিকে সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান শুরু করেছে। প্রথমে তারা পটুয়াখালী সেতুর ঢালে দুই পাশের অবৈধ স্থাপনা ভেঙে উচ্ছেদ অভিযান শুরু করে। এ সময় একজন নির্বাহী ম্যজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। তবে উচ্ছেদ অভিযান শুরুর আগেই অনেক দখলদারকে তাদের অবৈধ স্থাপনা ভেঙে সরিয়ে নিতে দেখা গেছে। চৌরাস্তা, কলাতলা, বাসস্ট্যান্ড, মির্জাগঞ্জ সড়কের দুই পাশে অনেক দখলদারকে তাদের অবৈধ স্থাপনা ভেঙে সরিয়ে নিতে দেখা গেছে।
সড়ক ও জনপথ বিভাগ, পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, উচ্ছেদের নোটিশ পাওয়ার পরও যারা দখল ছাড়ছে না তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। গতকাল এক দিনের অভযানে ১০০টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। সরকারি ১০ একর জমি দখলমুক্ত করা হয়েছে। সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং আরও অবৈধ দখলদারদের তালিকা করা হচ্ছে। পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযানের কার্যক্রম চলবে।