পটুয়াখালীতে হরতাল প্রত্যাহারের ঘটনায় কারণ দর্শানোর চিঠি
পটুয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় জেলা ১৮ দলীয় জোটের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন মৃধাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে বিএনপি।বিএনপির সহদপ্তর সম্পাদক মো. আবদুল লতিফ জনি স্বাক্ষরিত গত সোমবারের ওই চিঠিতে বলা হয়েছে, ‘আপনি ১৭ মার্চ ১৮ দলীয় জোটের পূর্বনির্ধারিত হরতাল কর্মসূচি পটুয়াখালী জেলায় স্থানীয়ভাবে প্রত্যাহার করা হয়েছে বলে বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তি পাঠান। ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কোনো কর্মসূচি কোনো কারণে স্থানীয়ভাবে প্রত্যাহারের প্রয়োজন হলে কেন্দ্রীয়ভাবেই সেই সিদ্ধান্ত গৃহীত হয়। আপনার স্বাক্ষরিত পত্র দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট লঙ্ঘন।‘অতএব দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা সাত দিনের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বরাবর লিখিত আকারে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করছি।’জেলা ১৮ দলীয় জোটের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন মৃধা বলেন, ‘চিঠিতে কী উল্লেখ রয়েছে, তা জানার পর পদক্ষেপ নেব।’প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে গত সোম ও মঙ্গলবারের হরতাল স্থানীয়ভাবে প্রত্যাহার করে পটুয়াখালী জেলা ১৮ দলীয় জোট। শাহাদৎ হোসেন মৃধা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘মাননীয় প্রধানমন্ত্রী ১৯ মার্চ (মঙ্গলবার) এক সরকারি সফরে পটুয়াখালী আসবেন এবং পটুয়াখালী সদর ও দশমিনা উপজেলায় কিছু উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যেহেতু আমরা গণমানুষের এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি, সেহেতু পটুয়াখালী জেলার গণমানুষের কথা বিবেচনা করে এবং উন্নয়নমূলক কাজের স্বার্থে ১৬ মার্চ (শনিবার) তারিখে ১৮ দলীয় ঐক্যজোট পটুয়াখালী জেলা শাখার সভার সিদ্ধান্ত মোতাবেক ১৮ ও ১৯ মার্চ পটুয়াখালী জেলার সর্বত্র হরতাল স্থানীয়ভাবে প্রত্যাহার করা হলো।’