পটুয়াখালীতে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড় গাবুয়া গ্রামে এক সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও একজনকে অপহরণের প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল শুক্রবার সকালে পটুয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে জেলা পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য অতুল চন্দ্র দাস ও তপন কর্মকার, মংথান তালুকদার, তারক চন্দ্র পোদ্দার, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কমল দত্ত প্রমুখ। বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এলাকার প্রভাবশালী এক ব্যক্তি সন্ত্রাসীদের নিয়ে গত ২১ জানুয়ারি গভীর রাতে ওই গ্রামের মনোরঞ্জন বাগমারের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেন। পরে হামলাকারীরা ওই বাড়ি থেকে একজনকে অপহরণ করেন। বক্তারা ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও অপহূত ব্যক্তিকে ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।