পটুয়াখালীতে ১১০ কিমি বাঁধ ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের জোয়ারের জলোচ্ছ্বাস ও প্রবল বাতাসে সৃষ্ট ঢেউয়ের আঘাতে পটুয়াখালীতে ১১০ দশমিক ৭১০ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৬ দশমিক ১৩০ কিলোমিটার। স্লুইসগেট ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪টি। এগুলোর নির্মাণ ও মেরামতে প্রয়োজন প্রায় ২৩ কোটি টাকা।সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলায় বেড়িবাঁধ রয়েছে এক হাজার ২৪৮ কিলোমিটার। এর মধ্যে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় ৫৩৪ কিলোমিটার ও কলাপাড়া পাউবোর আওতায় ৭১৪ কিলোমিটার। সাগরে নিম্নচাপ ও পূর্ণিমার প্রভাবে ১৬, ১৭ ও ১৮ জুন চার থেকে পাঁচ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে বাঁধের নদীর দিকের ঢাল ও ক্রেস্ট দুই-তৃতীয়াংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কলাপাড়া পাউবোর অধীন ৭১ দশমিক ২৮ কিলোমিটার বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। গলাচিপার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল চৌধুরী জানান, তাঁর ইউনিয়নের ৫৫/২বি পোল্ডারের কলাগাছিয়া বাজারের দক্ষিণ দিকে প্রায় ৫০০ মিটার বাঁধ নদীর ঢেউয়ের আঘাতে ভেঙে গেছে। সিডর ও আইলায়ও এ বেড়িবাঁধটি ভেঙেছিল। জরুরি ভিত্তিতে বাঁধটি মেরামত করে ভাঙন ঠেকানো না হলে ভাঙনকবলিত অংশ দিয়ে পানি প্রবেশ করে কলাগাছিয়া ও কালারাজাসহ চারটি গ্রাম প্লাবিত হবে।কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সফিউদ্দিন জানান, তাঁদের আওতায় ৫০/৫১ পোল্ডারের ১ দশমিক ১৮০ কিলোমিটার বাঁধের নদীর দিকের ঢাল ও ক্রেস্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পটুয়াখালী পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন এবং এর জন্য প্রয়োজন ১১ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।