পটুয়াখালীতে ১৭ হাজার প্রতিবন্ধী ভাতা পায় না
পটুয়াখালী জেলায় ২১ হাজারের বেশি প্রতিবন্ধী রয়েছে। এর মধ্যে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে তিন হাজার ৮৬৭ জন। অনেক প্রতিবন্ধী ভাতার জন্য দ্বারে দ্বারে ঘুরলেও তাদের ভাগ্যে তা জুটছে না।
দুমকী উপজেলার প্রত্যন্ত এলাকার চরগরবদী গ্রামে গিয়ে দেখা যায়, সাত বছরের শিশু জাকারিয়া চৌকির ওপর শুয়ে আছে। কিছুক্ষণ পরপর শিশুটি খিঁচুনি দিয়ে হাত-মুখ ও ঘাড় বাঁকা করছে আর মা মাহিনুর বেগম তাকে খাওয়ানোর চেষ্টা করছেন।
মাহিনুর বেগম জানালেন, শিশুটির বয়স যখন ১৫ দিন, তখন একবার ওর টাইফয়েড হয়েছিল। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা করানোর পর ভালো হয়েছিল। এরপর আট মাস বয়সের সময় খেয়াল করেন, শিশুটি বসতে বা কথা বলতে পারছে না। তখন শহরের চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে ঢাকায় মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু টাকার অভাবে আর ঢাকায় নেওয়া হয়নি। সেই থেকে দিন যাচ্ছে আর সমস্যা বাড়ছে। এখন জাকারিয়া সারাক্ষণ শুয়ে থাকে। শুয়েই চলে তার খাওয়াদাওয়া থেকে শুরু করে প্রকৃতির ডাকে সাড়া দেওয়াসহ সব কাজ।
মাহিনুর বেগম আক্ষেপ করে বলেন, ‘ও মাছ-মাংস ও ফলমূল খেতে চায়, কিন্তু আমরা গরিব মানুষ তিন বেলা ঠিকমতো খেতেই পারি না আর এসব ভালো খাবার কোথায় পাব?’
পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকার ভাই-বোন পূজা রানি কর্মকার (১৯) ও হূদয় কর্মকার (১৪) জন্মগত প্রতিবন্ধী। সরকারিভাবে তাঁরাও প্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাঁরাও প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না। তাঁদের মতো জেলার বেশির ভাগ প্রতিবন্ধীই সরকারি ভাতা পাচ্ছে না।
দুমকী উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিদর্শক সুভাষ দাস জানান, এ বছর মুরাদিয়া ইউনিয়ন থেকে নতুন তিনজন প্রতিবন্ধীকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হবে। তখন অবশ্যই জাকারিয়ার নাম অন্তর্ভুক্ত করা হবে।
পটুয়াখালী সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রবীর রায় বলেন, এ বছর আরও ১০ শতাংশ বেশি প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হবে। ফলে জেলায় আরও অন্তত ৩০০ প্রতিবন্ধী ভাতার আওতায় আসবে। এর পরও বিপুলসংখ্যক প্রতিবন্ধী ভাতার বাইরে থাকবে।
জেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, ২০০৬ সালের সর্বশেষ জরিপ অনুযায়ী পটুয়াখালী জেলায় প্রতিবন্ধীর সংখ্যা ২১ হাজার ৪৫২। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৮০৫ ও নারী আট হাজার ৫৭৩ জন এবং লিঙ্গ প্রতিবন্ধী ৭৪ জন। তাদের মধ্যে নিবন্ধিত হয়েছে পাঁচ হাজার ২৭৬ জন। মোট তিন হাজার ৮৬৭ জন মাসে ৩০০ টাকা করে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে।