পটুয়াখালীতে ৪০ লাখ টাকা নিয়ে 'বিকাশ' প্রতিনিধি উধাও
মুঠোফোনে টাকা পাঠানোর ব্যবস্থা ‘বিকাশ’র পটুয়াখালী জেলা সদরের বিক্রয় প্রতিনিধি এনামুল হাসান (২৭) বিভিন্ন এজেন্টের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এনামুলের সঙ্গে গত শনিবার রাত থেকে উধাও হয়েছেন তাঁর পরিবারের সদস্য এবং সহযোগীরাও।
এ ঘটনায় গতকাল সোমবার বিকাশের জেলা ব্যবস্থাপক পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
জেলা ব্যবস্থাপক গোবিন্দ পাল জানান, এনামুল জেলায় বিকাশের বিভিন্ন এজেন্টের কাছ থেকে টাকা গ্রহণ ও নগদ টাকা প্রদানকারী হিসেবে কাজ করতেন। তাঁর কাছে বিভিন্ন গ্রাহকের টাকাও মজুত থাকত। গ্রাহকদের সঙ্গে লেনদেন সমন্বয় এবং এর হিসাবও এনামুলের কাছে থাকত।
গোবিন্দ পাল আরও জানান, গত শুক্র ও শনিবার এনামুল বিকাশের এজেন্টদের কাছ থেকে আনুমানিক ৪০ লাখ টাকা সংগ্রহ করেন। শনিবার সন্ধ্যা থেকেই তাঁকে ও তাঁর সহযোগীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি তাঁর মুঠোফোনটিও বন্ধ।