পটুয়াখালীতে ৮৬ কি.মি. সড়ক বেহাল
পটুয়াখালীর এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাওয়ার সংযোগ সড়কগুলোর অধিকাংশই খারাপ। এর মধ্যে দুমকি, বাউফল, দশমিনা ও গলাচিপার মোট ৮৬ কিলোমিটার সড়কে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব উপজেলায় কোথাও কোথাও সড়ক ভেঙে গেছে। বর্ষা মৌসুম শুরুর আগে এগুলো সংস্কার না করলে এক উপজেলা থেকে অন্য উপজেলায় সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছে। সরেজমিনে গলাচিপা পশ্চিম গোলখালী গ্রামে গিয়েদেখা যায়, গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ধুলো-বালিতে এখন আর এখানে সড়ক ছিল বলে মনে হবে না। গলাচিপার ভুসিমালের ব্যবসায়ী মো. রুহুল আমিন জানান, তাঁদের এলাকার সড়কের কার্পেটিং উঠে গেছে। এ কারণে প্রতিদিনই তাঁদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বাউফলের বগা বন্দর থেকে বাউফল উপজেলা সদর সংযোগ সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের ইট-সুরকি উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বগার রাজনগর এলাকার শাহজাহান মিয়া বলেন, ‘দেখেন আমাগো রাস্তা। নির্বাচন আইলেই সব নেতারাই আইয়া কয় জিতলে এই রাস্তা কইরা দিমু, কিন্তু ভোটের পর হেগো আর বিচরাইয়া পাই না।’সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০২-০৩ ও ২০০৩-০৪ অর্থবছরে এসব সংযোগ সড়ক নির্মিত হলেও রক্ষণাবেক্ষণের অভাবে এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা সংযোগ সড়ক উন্নয়নের জন্য বর্তমানে ৮৬ কিলোমিটার বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। ২০১০ সালের ৩১ আগস্ট একনেক বৈঠকে তা অনুমোদন হয়। প্রাথমিকভাবে এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি ২৩ লাখ ১৬ হাজার টাকা। ২০০৯-১০ অর্থবছরে দরপত্র আহ্বান করা হয়েছে। ২০১৩ সালের জুনের মধ্যে এই সড়কে উন্নয়নকাজ শেষ করার কথা রয়েছে। কিন্তু চলতি অর্থবছরেও সংযোগ সড়কের নির্মাণকাজের জন্য অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। এতে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে কি না তা নিয়ে সংশয় রয়ে গেছে।সওজের পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শওকত আলী বলেন, ‘উপজেলা সংযোগ সড়ক উন্নয়নের অর্থ বরাদ্দ এখনো পাওয়া যায়নি। আমরা আশা করছি, এ মাসেই অর্থ বরাদ্দসহ সড়ক নির্মাণের কাজ শুরু হবে এবং নির্ধারিত সময়ে তা শেষ করতে পারব।’