পটুয়াখালীতে ৮৬২ একর বন পাহারায় একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর সংরক্ষিত বনাঞ্চল ও সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ চুরি হচ্ছে। বন পাহারার জন্য বনকর্মীর স্বল্পতা ও বনের দুর্গম এলাকায় যাতায়াতের নৌযান না থাকায় গাছ চুরি ঠেকাতে পারছে না বন বিভাগ। গাছ চুরির সঙ্গে বন বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর জড়িত থাকার অভিযোগ রয়েছে।স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের জুলাই মাসের প্রথম দিকে সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ভূরিয়া লঞ্চঘাট থেকে দক্ষিণ চর মৈশাদী পর্যন্ত তিন কিলোমিটার এলাকার বনায়নের দুই শতাধিক গাছ কেটে নিয়েছে চোরেরা। এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস ছালাম মৃধা জানান, গাছ চুরির ঘটনায় বন বিভাগের কতিপয় লোক জড়িত বলে অভিযোগ করেছেন এলাকার লোকজন। গত ১৪ জুলাই থেকে পাঁচ দিন ধরে গলাচিপার আমখোলা ইউনিয়নে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছ চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায়ও বন বিভাগের তিনজন কর্মচারী জড়িত বলে অভিযোগ ওঠে। ১৯ জুলাই গভীর রাতে পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে বনকর্মীরা চোরাই কাঠভর্তি একটি ট্রলার আটক করেন।উপকূলীয় বন বিভাগের পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় সংরক্ষিত ৪৪ হাজার ২৬৮ একর বনসহ মোট ৭৭ হাজার ৫৯৮ একর বন তাদের আওতায়। এ ছাড়া সামাজিক বনায়ন রক্ষণাবেক্ষণের দায়িত্বও বন বিভাগের। বন পাহারায় বনকর্মী, নৌকাচালকসহ কর্মী রয়েছেন ১২৫ জন। তাঁদের মধ্যে ৩৫ জন বনকর্মী সামাজিক বনায়ন পাহারার দায়িত্বে আছেন। বাকি ৯০ জন বনকর্মী পাহারা দিচ্ছেন ৭৭ হাজার ৫৯৮ একর বনাঞ্চল। ফলে, প্রায় ৮৬২ একর বন পাহারার দায়িত্ব পড়ে একজন বনকর্মীর ওপর। এদিকে গলাচিপা, রাঙ্গাবালী ও চর মোন্তাজ এলাকায় সংরক্ষিত বন রয়েছে। নদীবেষ্টিত, বিচ্ছিন্ন ও দুর্গম এলাকায় হওয়ায় এসব এলাকার সংরক্ষিত বনের গাছ অবাধে কেটে নিয়ে যাচ্ছে চোরেরা। বন বিভাগ চর মোন্তাজ রেঞ্জ কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, নদীবেষ্টিত বিচ্ছিন্ন এই সংরক্ষিত বনে যাতায়াতের জন্য নৌযান ও জ্বালানি না পাওয়ায় অনেক সময় চুরির খবর পেলেও সরাসরি সেখানে যাওয়া যাচ্ছে না। এ ছাড়া গাছ পাহারায় বনকর্মীর স্বল্পতাও রয়েছে।পটুয়াখালীর উপকূলীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, আসলে জেলার সংরক্ষিত বনাঞ্চল নদীবেষ্টিত ও সম্পূর্ণ বিচ্ছিন্ন। এক বন থেকে অন্য বনে যেতে হলেও নৌযানের প্রয়োজন হয়। বন বিভাগের বন পাহারার জন্য বনকর্মীর স্বল্পতা রয়েছে। এ ছাড়া সরকারি নৌযান নেই, এমনকি জ্বালানিও সরবরাহ করা হয় না। তবে গাছ চুরি রোধে তাঁদের চেষ্টা অব্যাহত রয়েছে। গাছ চুরির ঘটনায় বন বিভাগের লোকজনের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, গত মাসে গলাচিপার আমখোলা ইউনিয়নে গাছ চুরির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।