পটুয়াখালীতে ৯৮ নির্যাতিতের জবানবন্দি গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালের নির্বাচনের পরের বছর ২৮ ফেব্রুয়ারি বিএনপির সন্ত্রাসীরা দা, রামদা, রড, লাঠি নিয়ে খুন করার উদ্দেশে আমাকে ঘিরে ফেলে। সন্ত্রাসীরা বলে আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের চিহ্ন এই মাটিতে রাখব না—এই বলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আমাকে মৃত ভেবে সন্ত্রাসীরা চলে যায়। দেড় বছর পঙ্গু অবস্থায় ছিলাম। মামলা করতেও সাহস পাইনি। উল্টো আমার নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করিয়ে জেল খাটিয়েছে। ২০০১ সালের নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ও আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থকদের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত কমিশনের সদস্যদের কাছে গত মঙ্গলবার এভাবে অভিযোগ করেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রামপুর গ্রামের কাজী মিজানুর রহমান ওরফে লাবলু। তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. শাহাবুদ্দীনসহ কমিশনের তিন সদস্য মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পটুয়াখালীর সার্কিট হাউসে ৯৮ জন নির্যাতিত ব্যক্তির কাছ থেকে লিখিত জবানবন্দি নেন এবং ছবি সংগ্রহ করেন।