পটুয়াখালীতে ‘জুবিলীয়ান’ উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার পটুয়াখালী শহরের কুয়াশামোড়া সকালটা ছিল একটু অন্য রকম। শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। রংবেরঙের প্ল্যাকার্ড, ফেস্টুন, বেলুন দোল খাচ্ছিল শীতল হাওয়ায়। নানা রং ও নকশায় সাজানো তোরণ স্বাগত জানাচ্ছিল অভ্যাগতদের। পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উৎসবকে ঘিরে ছিল এই আয়োজন। সকাল সাতটা থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকেন জুবিলীয়ানরা।সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হলে শুরু হয় উদ্বোধন পর্ব। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রধান অতিথি, এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ও শিক্ষক এবং ধর্মপ্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া জাতীয় পতাকা ও উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. আত্হার উদ্দিন উৎসবের পতাকা উত্তোলন করেন। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনের ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয় মাঠে আলোচনা পর্ব শুরুর আগে ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাজনীতিবিদ প্রয়াত আহসান হাবিব খানের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।আলোচনা পর্বে বিদ্যালয়ের ছাত্র বিচারপতি এ কে বদরুল হক বলেন, ‘আজ আমরা ভালোবাসার মৈত্রীর বন্ধনে এই মিলনমেলায় একত্র হয়েছি। স্কুলজীবনের সেই মধুর সঞ্চৃতি এখনো আমাকে আপ্লুত করে।’ সাবেক সচিব ধীরাজ মালাকার বলেন, ‘সঞ্চৃতির টানে, নাড়ির টানে আজ দীর্ঘ বছর পর আবার এসেছি। আবার যদি সেই দিনে ফেরা যেত।’ মো. আত্হার উদ্দিনের সভাপতিত্বে আলোচনা পর্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আফজাল হোসেন, পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার, জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান খান প্রমুখ।