পটুয়াখালীর আট সড়কে বাস চলাচল বন্ধ
পটুয়াখালীর অভ্যন্তরীণ আটটি সড়কপথে গতকাল শনিবার বেলা ১১টা থেকে বাস ধর্মঘট শুরু হয়েছে। বাস-শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট শুরু হয়। পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা বলেন, শনিবার সকাল নয়টার দিকে খেপুপাড়া ও কলাপাড়ায় বিআরটিসি ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের চালক ও শ্রমিকেরা তাদের সমিতির বাস-শ্রমিকদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা হয়। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মধ্যে যৌথ সভা হয়। সভায় কলাপাড়া, কুয়াকাটা, গলাচিপা, দশমিনা, বাউফল, মির্জাগঞ্জ, বরিশাল ও বরগুনা—এই আটটি সড়কে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয় এবং তিন দফা দাবিসহ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।