
গত ১৮ এপ্রিল, সকাল নয়টা। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে উৎসবের আমেজ। জাতীয় পতাকা উত্তোলন আর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী এই আয়োজন। ভাষা নিয়ে প্রতিযোগে অংশ নেয় ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও বরিশালের ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী।
বেলা ১১টা বাজতেই শুরু হয় ভাষার পরীক্ষা। শ্রেণিকক্ষে যখন চলছে পরীক্ষা, মূল মঞ্চে শুরু হয় ভাষা নিয়ে নানা প্রশ্ন। শিক্ষার্থীদের বুদ্ধিদীপ্ত ও নানা মজার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অতিথিরা। অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন হাকিম আরিফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক কাজী শুসমিন আফসানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারেক রেজা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানিম জসীম, পটুয়াখালী এ কে এম কলেজের বাংলা বিভাগের শিক্ষক অশোক কুমার দাস, প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদ, প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক ফিরোজ জামান চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও ভাষা প্রতিযোগের সমন্বয়কারী তারিক মনজুর।
চূড়ান্ত পরীক্ষায় চার বিভাগের ৬০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।