পটুয়াখালীর চর এলাকায় মাতৃমৃত্যুর হার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুসংস্কার, অনুন্নত যোগাযোগব্যবস্থা, চিকিৎসক-সংকট ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা না থাকায় পটুয়াখালীর দুর্গম চর এলাকায় মাতৃমৃত্যুর হার বাড়ছে। তবে নিরাপদ মাতৃত্বের জন্য স্থানীয় লোকজনকে একটু সচেতন করতে পারলে মাতৃমৃত্যুর হার অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে বলে চিকিৎসকেরা মনে করছেন।গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের চিরশিবার ফিরোজ হাওলাদারের স্ত্রী সাবিনা বেগমের (২৫) গত ৫ জানুয়ারি প্রসব ব্যথা ওঠে। এ সময় স্থানীয় ধাত্রী এনে প্রসব করানোর চেষ্টা করা হয়। কিন্তু একপর্যায়ে খিঁচুনি শুরু হলে তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকেন। পরদিন তাঁকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকেরা তাঁকে তাৎক্ষণিক পটুয়াখালী সদর হাসপাতালে পাঠান, ৭ জানুয়ারি সাবিনা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।সাবিনার স্বামী ফিরোজ হাওলাদার জানান, তাঁর স্ত্রী প্রসূতি হলেও তাঁকে কোনো চিকিৎসকের কাছে নেওয়া হয়নি। এ সময় যে পরীক্ষা-নীরিক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতে হয়, সে সম্পর্কেও তাঁর তেমন ধারণা নেই। তিনি বলেন, ‘গাঙ্গে (নদীতে) মাছ ধরি, হেউয়া বেইচ্যা দিন চলে। হের পরও ডাক্তার দেহামু, কিন্তু গ্রামে কোনো ডাক্তার নাই। শহরে যাওয়ার জন্য লঞ্চ ও ট্রলারই ভরসা। সময়ও লাগে আসা-যাওয়ায় প্রায় দুই দিন। যদি আগেই শহরের হাসপাতালে নিতে পারতাম তাইলে সাবিনা মরতো না।’ফিরোজের মতো পটুয়াখালীর চরাঞ্চলের অনেকে মা ও শিশুর স্বাস্থ্যসেবা সম্পর্কে কিছুই জানে না। এ কারণে পটুয়াখালীর দুর্গম এলাকার চরগুলোতে যথাযথ চিকিৎসা না পেয়ে অনেক প্রসূতি মারা যাচ্ছেন।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার হাসপাতালগুলোতে প্রসূতিদের বিশেষ চিকিৎসাসেবা দেওয়া হয়। তবে এসব হাসপাতালে গাইনি চিকিৎসকের সংকট আছে। ২৫০ শয্যার পটুয়াখালী হাসপাতালে দুজন গাইনি-বিশেষজ্ঞ আছেন। কিন্তু জেলার সাতটি উপজেলায় সাতটি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র দুজন। সূত্রে জানা গেছে, ২০১১ সালে জেলার হাসপাতালগুলোতে আট হাজার ৫৫৭ জন প্রসূতি সেবা নিয়েছেন এবং মারা গেছেন নয়জন। আর ২০১২ সালে আট হাজার ৯৩৯ জন প্রসূতি মা সেবা নিয়েছেন এবং মারা গেছেন ১৯ জন।১৪ ফেব্রুয়ারি সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, সদর উপজেলার তিতকাটা গ্রামের রিজিয়া বেগম (২৬) রক্তশূন্যতা নিয়ে সেবা নিচ্ছেন। তাঁর স্বামী আউয়াল মিয়া জানান, গ্রামে ধাত্রী দিয়ে সন্তান প্রসব করানোর পর রিজিয়ার রক্তক্ষরণ শুরু হয়। এই অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।পটুয়াখালী সদর হাসপাতালের গাইনি-বিশেষজ্ঞ মাহমুদুর রহমান বলেন, আসলে গ্রামাঞ্চলের প্রসূতিরা পরীক্ষা-নিরীক্ষার জন্য চিকিৎসকের কাছে আসেন না। অনুন্নত যোগাযোগব্যবস্থা ও কুসংস্কারের কারণে অনেক স্বামী তাঁদের প্রসূতি স্ত্রীদের নিয়ে হাসপাতালে কিংবা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে চান না। পটুয়াখালী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মু. জসীম উদ্দিন জানান, প্রসূতিদের সেবা দেওয়ার জন্য জেলায় ৫০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আছে। এসব কেন্দ্রে একজন করে চিকিৎসা সহকারী আছেন। সিভিল সার্জন গৌরমনি সিনহা জানান, মাতৃমৃত্যুর অনেক কারণ থাকতে পারে। তবে প্রসব জটিলতার শিকার হয়ে উপকূলীয় এলাকাসহ গ্রামাঞ্চলের প্রসূতি মায়েরা মারা যান। হয়তো তাঁরা চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পায় না অথবা এ বিষয়ে তাঁরা জানেন না। নিরাপদ মাতৃত্বের জন্য জেলার সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত একটি প্রকল্পের আওতায় প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে কাজ করা হচ্ছে। উঠান বৈঠকের মাধ্যমে মায়েদের সচেতন করতে চেষ্টা অব্যাহত রয়েছে। এতে মাতৃমৃত্যু হার কমে আসবে।