পটুয়াখালীর পাঁচজনকে ১ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা পটুয়াখালীর পাঁচজনকে আগামী ১ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার এ আদেশ দেন। পটুয়াখালীর এই পাঁচজন হলেন ইসহাক শিকদার, আবদুল গণি হাওলাদার, আবদুল আওয়াল, আবদুস সাত্তার ও সুলাইমান মৃধা।
গতকাল এই পাঁচজনকে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ। এ সময় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু এবং কৌঁসুলি তাপস কান্তি বল ও রেজিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
শুনানিতে তুরিন আফরোজ বলেন, ওই পাঁচজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে এর প্রমাণ পাওয়া গেছে। তাঁরা এখন অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাঁদের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হোক।
পরে ট্রাইব্যুনাল ওই পাঁচজনকে ১ অক্টোবর হাজির করার নির্দেশ দেন।