পটুয়াখালীর লোহালিয়া নদীতে লঞ্চডুবি

পটুয়াখালীর লোহালিয়া নদীতে এমভি শাথিল-১ নামে একটি একতলা লঞ্চ ঢাকাগামী দোতলা লঞ্চের ধাক্কায় ডুবে গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তবে গতকাল রাত পৌনে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া যাত্রী ও প্রশাসন সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পটুয়াখালী লঞ্চ টার্মিনাল থেকে আঁচল-৫ দোতলা লঞ্চটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। সোয়া ছয়টার দিকে লঞ্চটি কাটাখালী এলাকার লোহালিয়া নদীতে পৌঁছে। এখানে লঞ্চটিতে মাছ তুলছিল রাঙ্গাবালী থেকে আসা এমভি শাথিল-১ লঞ্চ। মাছ তোলা শেষ হলে দোতলা লঞ্চটি যাত্রা শুরু করে। এ সময় ধাক্কা লেগে শাথিল-১ লঞ্চটি কাত হয়ে অর্ধেকটা ডুবে যায়।
ডুবে যাওয়া লঞ্চের যাত্রী আসলাম মিয়া জানান, লঞ্চে তেমন যাত্রী ছিল না। তবে লঞ্চটি কাত হয়ে ডুবে যাওয়ার সময় তিনিসহ সাত-আটজন যাত্রী সাঁতরে তীরে ওঠেন। এ ছাড়া আঁচল লঞ্চের লোকজন ও স্থানীয় ব্যক্তিরা যাত্রীদের উদ্ধার করেন।
পটুয়াখালী নদীবন্দরের সহকারী পরিচালক এম এম বদরুল আলম জানান, শাথিল-১ লঞ্চটি গন্তব্যে (পটুয়াখালী ঘাট) পৌঁছার আগেই অধিকাংশ যাত্রী বিভিন্ন ঘাটে নেমে যায়। তাই লঞ্চে অল্প কয়েকজন যাত্রী ছিল।
এদিকে লঞ্চডুবির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা প্রশাসক অমিতাভ সরকার প্রথম আলোকে বলেন, ডুবে যাওয়া লঞ্চটিতে তেমন যাত্রী ছিল না। লঞ্চটি উদ্ধারে বরিশাল থেকে উদ্ধারকারী জাহাজ হামজা পটুয়াখালীর উদ্দেশে রওনা দিয়েছে।