পটুয়াখালীর ১০ চরে বিদ্যালয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর উপকূলীয় ১০টি চরে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এতে কতসংখ্যক শিশু প্রাথমিক শিক্ষা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত রয়েছে, জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে এ-সংক্রান্ত কোনো তথ্য নেই। তবে ওই সব চরের স্থানীয় ইউপির চেয়ারম্যানরা দাবি করেছেন, দুই সহস্রাধিক শিশু লেখাপড়া করতে পারছে না।জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় প্রাথমিক ও প্রাক প্রাথমিক শিশু শিক্ষার জন্য ৫৮২টি সরকারি, ৪৯৫টি রেজিস্টার্ড, ৫০টি নন রেজিস্টার্ড, ৫৮টি কমিউনিটি, একটি পরীক্ষণ বিদ্যালয়, উচ্চবিদ্যালয় সংযুক্ত ২৩টি, মাদ্রাসা সংযুক্ত ১৫৫টি, স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসাসংলগ্ন ৬৭টি ও ২৫টি কেজি স্কুল রয়েছে।কিন্তু জেলার উপকূলীয় ১০টি চরে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এসব বিচ্ছিন্ন চরের মধ্যে গলাচিপা উপজেলার চর কাসেম, চর বাংলা, চর কারফার্মা, চর নজির, চর ইমারসন, চর হেয়ার; বাউফলের চর ব্যারেট; দশমিনার চর বাঁশবাড়িয়া, চর শাহজালাল ও চর হাদীতে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এসব চরে দুই হাজার ১৫০টি শিশু প্রাথমিক শিক্ষা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।বাউফল ও দশমিনার তিনটি চরে জাগরণী চক্র ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা নয়টি স্কুলের মাধ্যমে ২০০৮ সাল থেকে ২৬৭ জন শিশুকে প্রাথমিক শিক্ষা দিচ্ছে। তবে কর্মসূচি শেষ হয়ে যাওয়ায় পরবর্তী তিন বছরে তাঁরা আর কোনো ছাত্র ভর্তি করেনি। এতে ২০০৮ সালে যারা ভর্তি হয়েছে তারা সেখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করতে পারবে। আর এ সময়ের মধ্যে বিদ্যালয়ে গমনোপযোগী শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে না।দশমিনা ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘আমার ইউনিয়নে এখনো বিদ্যালয় গমনোপযোগী পাঁচ শতাধিক শিশু রয়েছে, যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত। এলাকার চর হাদী মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এখনো কোনো প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোল্লা বখতিয়ার রহমান বলেন, যেসব এলাকায় প্রাথমিক বিদ্যালয় নেই সেসব এলাকায় বিদ্যালয় স্থাপনের জন্য আমরা এলাকার লোকজনদের উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছি।’