পটুয়াখালীর ১২২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
পটুয়াখালী জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট সংখ্যা ৫৮২টি। এর মধ্যে ১২২টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।তিন বছর ধরে পদোন্নতি বন্ধ থাকা এবং শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ না দেওয়ায় এসব বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে সময় দিতে গিয়ে তাঁরা শিশুদের যথাযথভাবে পাঠদান করতে পারছেন না। ফলে শিক্ষার সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।পটুয়াখালীর সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, জেলার সদর উপজেলায় ১২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। বাউফলের ১২২টি বিদ্যালয়ের মধ্যে ৩১টি, গলাচিপার ১২০টির মধ্যে ২৮, কলাপাড়ার ৭৮টি বিদ্যালয়ের মধ্যে ৮, মির্জাগঞ্জের ৬২টি বিদ্যালয়ের মধ্যে ৭, দশমিনার ৩৯টি বিদ্যালয়ের মধ্যে ৬ এবং দুমকি উপজেলার ৩৭টি বিদ্যালয়ের মধ্যে ৮টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সদর উপজেলার নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম হিলারী বলেন, তাঁর বিদ্যালয়ে ২০৩ জন শিক্ষার্থী রয়েছে। চারটি শিক্ষক পদের মধ্যে প্রধান শিক্ষকের পদটি দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। তিনি বলেন, বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের জন্য তাঁকে প্রায়ই ছুটতে হয় জেলা সদরে। ফলে শিশুদের পাঠদানে সমস্যা হচ্ছে। পূর্ব মরিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা বলেন, ২০১০ সালের নভেম্বর মাসে প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ার পর থেকে তিনি ভারপ্রাপ্ত হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। দুটি পদের দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষার সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, তাঁর উপজেলায় প্রধান শিক্ষকের ৩১টি পদ শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতি মাসেই অবহিত করা হয়। প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণে তাঁদের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, প্রধান শিক্ষকের পদ পূরণে জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে শতকরা ৬৫ ভাগ পূরণ করার নিয়ম রয়েছে। আর ৩৫ ভাগ পূরণ হবে সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির ব্যাপারে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ও সার্টিফিকেট ইন এডুকেশন থাকতে হবে। এ ছাড়া অন্তত সাত বছর চাকরির বয়সসীমা থাকতে হবে। তবে এ নিয়ে শিক্ষকদের মধ্যে মতানৈক্য দেখা দেওয়ায় আদালতে মামলা হলে তিন বছর ধরে সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি বন্ধ রয়েছে। তবে প্রধান শিক্ষকের সরাসরি নিয়োগের ৩৫ ভাগ কোটা পূরণের চেষ্টা চলছে। এর মধ্যে লিখিত পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষা শেষে নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।