পটুয়াখালীর ২২ ও চন্দনাইশের ১২ গ্রামে আজ ঈদ উদ্যাপন
পটুয়াখালীর কমপক্ষে ২২টি গ্রাম ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১২টি গ্রামে আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করা হবে। সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে প্রতিবছরের মতো তাঁরা আগাম ঈদুল আজহা উদ্যাপন করবেন। পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরিফের মসজিদ চত্বরে ঈদগাহ মাঠে সকাল নয়টায় তাঁদের প্রধান জামাত হবে বলে জানানো হয়েছে। সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনিপাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, রাজনগর, ধাউরাভাঙ্গা, চন্দ্রপাড়া, কনকদিয়া, সাবুপুরা, বামনিকাঠি-আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার লালুয়া, নিশানবাড়িয়া, মাঝিবাড়ি, ধানখালী ইউনিয়নের চালিতাবুনিয়া, টিয়াখালীর ইটবাড়িয়া, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুড়তলী, মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী গ্রামে আজ ঈদুল আজহা উদ্যাপিত হবে। চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ, কাঞ্চননগর, কেশুয়া, সাতবাড়িয়া, মোহামঞ্চদপুর, হারালা, মাইজপাড়া, আব্বাসপাড়া, সৈয়দাবাদ, দক্ষিণ কাঞ্চননগর, খুনিয়ার পাড়া ও হাশিমপুরে আজ ঈদ উদ্যাপিত হবে। সাতকানিয়া উপজেলার মীর্জাখীল দরবার শরিফের অনুসারী মৌলানা মতি মিয়া বলেন, সৌদি আরবসহ বিশ্বের ৫১টি দেশের সঙ্গে তাল মিলিয়ে এক দিন আগে আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করা হবে।