পড়ানো হচ্ছে না ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জের হাড়িয়ারকুঠি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ বছর ধরে ইসলাম শিক্ষা পড়ানোর শিক্ষক নেই। এ কারণে শিক্ষার্থীরা ইসলাম ও নৈতিক শিক্ষা পড়া থেকে বঞ্চিত হচ্ছে।

বিদ্যালয়ের পাশের শেখপাড়া গ্রামের এক স্কুলছাত্রের অভিভাবক মকবুল মিয়া বলেন, ‘মুসলিম দেশে ইসলাম শিক্ষা পড়া হয় না—এটা ভাবতেই অবাক লাগছে।’

তৃতীয় শ্রেণির এক ছাত্র বলে, ‘স্যারেরা ১০টার পর ছাড়া স্কুলে আইসে না।’ একই শ্রেণির এক ছাত্রী বলে, ‘ব্যাগোত ইসলাম ধর্ম বই নিয়া আসি আর বাড়ি নিয়া যাই। স্যারদের পড়ার কথা কইলে কয়, তোমার মুসলমান স্যার নাই।’ চতুর্থ শ্রেণির এক ছাত্র বলে, ‘স্কুলে এসে হামরা বসি থাকি, স্যাররা তিন-চারটার বেশি ক্লাস নেন না।’ একই শ্রেণির আরেক ছাত্র বলে, ‘স্কুলে ভর্তি হছি থাকি ইসলাম ধর্ম বইয়ের পড়ার কায়ো নেয় নাই।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদার নাথ রায় বলেন, ‘বিদ্যালয়ে একজন মুসলমান শিক্ষক দেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তাকে কয়েকবার অনুরোধ করেছি। কিন্তু তিনি আমার কথায় কর্ণপাত করেননি।’ তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম সম্প্রতি মুঠোফোনে বলেন, ‘ওই বিদ্যালয়ে মুসলমান শিক্ষক না থাকার বিষয়টি কেউ জানাননি।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুচিত্রা রায় জানান, এ বিদ্যালয়ে পাঁচজন শিক্ষকের প্রয়োজন হলেও ১০ বছর ধরে আছেন তিনজন। এঁরা সবাই হিন্দু সম্প্রদায়ের। ১৮৭ জন শিক্ষার্থীর মধ্যে মুসলমান শিক্ষার্থী ৯৭ জন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল চন্দ্র জানান, ইসলাম ও নৈতিক শিক্ষা একেবারে না পড়ানোর অভিযোগ সঠিক নয়। তবে শিক্ষকসংকটের কারণে শিক্ষার্থীদের সব বিষয়ে সব সময় পড়ানো সম্ভব হয় না।