পড়ানো হচ্ছে পাঠ্যসূচিবহির্ভূত ব্যাকরণ বই ও গাইড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় ১৮৫টি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের সিলেবাসবহির্ভূত ব্যাকরণ বই ও নিষিদ্ধ গাইড পড়ানো হচ্ছে। অভিযোগ উঠেছে, প্রকাশনা সংস্থা ও লাইব্রেরির কাছ থেকে টাকা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা এসব বই ও গাইড পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম বলেন, মাধ্যমিক পর্যায়ে বিনা মূল্যে দেওয়া গ্রামার ও ব্যাকরণ বই সরবরাহ করা হয়েছে। আলাদাভাবে গ্রামার ও ব্যাকরণ বই কেনার প্রয়োজন নেই। অপরদিকে সরকার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে নোট-গাইড নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষকেরা যদি নোট-গাইড পড়তে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন, তবে তা শাস্তিযোগ্য অপরাধ।
উপজেলার ১৫টি বিদ্যালয় ও মাদ্রাসা ঘুরে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে জুপিটার পাবলিকেশনস, রেখা প্রকাশনীর দিগন্ত, পুথি নিলয়, পাঞ্জেরী, দীপশিখা, লুব্দক-এর গাইড পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে পপি লাইব্রেরির গাইড, গ্রামার ও ব্যাকরণ, জুপিটার পাবলিকেশনসের গাইড, পাঞ্জেরীর গাইড, হাসান পাবলিকেশনের গ্রামার ও ব্যাকরণ এবং মাস্টার প্রকাশনীর গ্রামার বই পড়ানো হচ্ছে। আর মাদ্রাসায় দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে আল-বারাকা লাইব্রেরির এবং আল ফাতাহ পাবলিকেশনের গাইড, গ্রামার ও ব্যাকরণ বই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাথরঘাটা আদর্শ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক বলেন, তাঁদের প্রতি শ্রেণিতে ইংরেজি গ্রামার ও বাংলা ব্যাকরণ এবং প্রতিটি বইয়ের বিপরীতে একটি করে গাইড কিনতে বাধ্য করা হয়। অথচ মাধ্যমিক পর্যায়ে ইংরেজি গ্রামার ও বাংলা ব্যাকরণ বই বিনা মূল্যে দেওয়া হয়। আর বিদ্যালয়ে গাইড পড়ানো নিষেধ থাকলেও সেটা অমান্য করে গাইড কিনতে প্রতিদিন চাপ দিচ্ছেন শিক্ষকেরা।
পাথরঘাটা আদর্শ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল হক বলেন, তাঁদের বিদ্যালয়ে সরকারি বইয়ের পাশাপাশি মাস্টার প্রকাশনীর গ্রামার বই পড়ানো হয়।
একই তথ্য দিয়েছে পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয়, আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়, কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়, কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়, লেমুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা পরিচয় গোপন রাখার শর্তে বলেন, শিক্ষাবর্ষ শুরুর দিকে বিভিন্ন বই প্রকাশনা সংস্থা ও স্থানীয় লাইব্রেরির লোকজন বিদ্যালয়ে আসেন। ওই সময় তাঁরা নিজেদের গ্রামার, ব্যাকরণ বই ও গাইড বিদ্যালয়ের পাঠ্যসূচিতে রাখতে তদবির করেন। মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাভেদে ৩০ থেকে ৭৫ হাজার টাকা এবং প্রাথমিক বিদ্যালয়ে ৮ থেকে ১৫ হাজার টাকা নিয়ে ওই বই ও গাইড পাঠ্যসূচিতে রাখা হয়।
শিক্ষকেরা আরও বলেন, প্রকাশনা সংস্থাগুলো তাদের বই বিশেষ প্রচ্ছদ দিয়ে তৈরি করে। উপজেলার নির্দিষ্ট লাইব্রেরি ছাড়া আর কোথাও সেই বই পাওয়া যায় না। এভাবে বিদ্যালয়ে দেওয়া টাকাটা উঠিয়ে নেয় প্রকাশনা সংস্থা ও লাইব্রেরিগুলো।
পপি লাইব্রেরির পাথরঘাটার এজেন্ট ও বিক্রয় প্রতিনিধি মো. মনজুরুল আলম বলেন, তাঁরা বই পাঠ্যসূচিতে রাখতে টাকা দিয়ে তদবির করেননি। বরং জুপিটার ও অন্য একটি প্রকাশনী মোটা অঙ্কের টাকা দিয়ে এ কাজ করেছে।
জুপিটার প্রকাশনীর আঞ্চলিক ব্যবস্থাপক আকবর হোসাইন বলেন, তাঁরা শুধু গাইড বাজারজাত করেন। তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে সৌজন্য সংখ্যাসহ সামান্য টাকা দিয়ে থাকেন। তবে পাথরঘাটায় বেশির ভাগ বিদ্যালয়েই মোটা অঙ্কের টাকা দিয়ে গ্রামার ও ব্যাকরণ বই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে পপি লাইব্রেরি। তাদের গাইডও ওই সব মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যসূচিতে রাখা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম বলেন, টাকার বিনিময় এ কাজে জড়িত থাকলে ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার বলেন, নিষিদ্ধ নোট-গাইডের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।