পড়ার কক্ষকে গণরুমের প্রস্তাবে প্রক্টর ও প্রাধ্যক্ষকে আটকে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়ার কক্ষকে গণরুম করার প্রস্তাবের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও এক হল প্রাধ্যক্ষকে আটকে হলফটকে তালা দেন ছাত্রীরা। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রী হলে আবাসনসংকট থাকায় চলতি বছর হলগুলোর বিভিন্ন কক্ষে আবাসনব্যবস্থা করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কারণে প্রক্টরিয়াল বডি ও প্রাধ্যক্ষ ওই হলে গিয়ে ছাত্রীদের পড়ার কক্ষে আবাসনব্যবস্থা করতে চাইলে ক্ষুব্ধ হন ছাত্রীরা। দুপুর সাড়ে ১২টার দিকে প্রক্টর ও প্রাধ্যক্ষকে হলের ভেতর আটকে রেখে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ছাত্রীরা। তালা ঝুলিয়ে দেওয়ায় প্রক্টর ছাত্রীদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন ছাত্রীরা। ২০ মিনিটের মাথায় পরে নামাজের সময় হয়ে এলে তালা খুলে দেন তাঁরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এই হলের আসনসংখ্যা ৬৫০। বর্তমানে কোনো আসন ফাঁকা নেই। এর পরও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নবাগত ছাত্রীদের জন্য এই হলে ২৬৩টি আসন বরাদ্দ দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ছাত্রী বলেন, কয়েক বছর ধরে ছাত্রী হলের সংকট থাকার পরও মাত্র কয়েক মাস আগে একটি হল নির্মাণ শুরু করে প্রশাসন। এটি আরও আগে নির্মাণ করা উচিত ছিল। আজ প্রক্টর ও প্রাধ্যক্ষ আবাসনসংকট মেটাতে হলের পড়ার ও নামাজের ঘরটিকে গণরুম করার প্রস্তাব দিলে ক্ষুব্ধ হন ছাত্রীরা।

এ বিষয়ে প্রাধ্যক্ষ মহিউদ্দিন আহমদকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

প্রক্টর অধ্যাপক হারুন-অর-রশিদ জানান, নবাগত ছাত্রীদের আবাসনব্যবস্থা করতে ছাত্রীদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করেন। আইনের তোয়াক্কা না করে হলে তালা দেওয়া ঠিক না। শিগগিরই তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।