পড়ার টেবিল থেকে ডেকে নিয়ে হত্যা

হতদরিদ্র আল-মামুন (১৬) সোমবার সারা দিন রিকশা চালিয়ে নিজের পড়ার খরচ জোগাড় করে রাতে বই নিয়ে বসেছিল পড়ার টেবিলে। হঠাৎ ঘরের পেছন থেকে যে কেউ তাকে ডাক দেয়। পড়া ছেড়ে বেরিয়ে যাওয়ার পর রাতে আর বাড়ি ফিরে আসেনি সে। পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া যায় বাড়ির পাশের এক হলুদখেতে। পুলিশ ধারণা করছে, তাকে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী বলছেন, এই হত্যার মধ্য দিয়ে শেষ করে দেওয়া হলো আত্মবিশ্বাসী এক কিশোরকে। যার চোখে স্বপ্ন ছিল, যেভাবেই হোক পড়ালেখা করতে হবে। এই স্বপ্ন নিয়ে পড়ার খরচ জোগাতে আল-মামুন চালিয়েছে রিকশা। তার আশা ছিল, পড়ালেখা করে চাকরি নিয়ে বাবার অভাবের সংসারে হাল ধরবে।
আল-মামুন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরী গ্রামের ভ্যানচালক আবদুল মান্নানের ছেলে। গতকাল সকালে বাড়িতে গিয়ে দেখা যায়, মা নাজমা বেগম সংজ্ঞাহীন পড়ে আছেন। আবদুল মান্নান জানান, তিনি পেশায় ভ্যানচালক। সারা দিন ভ্যান চালিয়ে যা আয় করেন, তা দিয়ে কোনো রকমে সংসার চালান। আল-মামুন তার বড় ছেলে। অভাবের সংসার হওয়ায় ১০-১২ বছর বয়স থেকে ছেলে মামুনকে কাজে লাগিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু মামুন সারাক্ষণ পড়াশোনা করতে চাইত। বাড়ির পাশের ফুলহরী মাধ্যমিক বিদ্যালয়ে পড়ায় খরচ বেশি হওয়ায় ভর্তি হয় আলমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে। সেখান থেকে অষ্টম শ্রেণীর পরীক্ষায় জিপিএ-৩.৮৫ পেয়ে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়।
আল-মামুনের চাচা মজনু বিশ্বাস জানান, রাত সাড়ে আটটার দিকে বাড়ির পেছন থেকে তার নাম ধরে ডাক দেয় সন্ত্রাসীরা। মামুন বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। সকালে গ্রামের লোকজন বাড়ির পাশে মাঠের মধ্যে একটি হলুদখেতে তার লাশ পড়ে থাকতে দেখে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, মামুনের শরীরের কিছু জায়গায় হালকা ছিলে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আবদুল মান্নান অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।
তবে আবদুল মান্নান জানিয়েছেন, তিনি এই মামলা করেননি। পুলিশ সুরতহাল করার সময় একটি কাগজে তাঁর স্বাক্ষর নিয়েছে। সেটি এজাহার হিসেবে দেখানো হচ্ছে। তিনি প্রকৃত আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে জানান।