পড়ার মনোরম পরিবেশ

কাচের দেয়াল পেরিয়ে রোদ এসে পড়েছে ঘরজুড়ে। লম্বাটে ঘর। এক পাশে বুকশেলফ ভরা বই। আরেক পাশে পাঠকের বসার ব্যবস্থা। এটি একটি লাইব্রেরি। মুক্তিযুদ্ধ জাদুঘরের লাইব্রেরি।
সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরটি ছিল অল্প জায়গার মধ্যে অনেক কিছু। লাইব্রেরিটিও ছিল সীমিত পরিসরে। একসঙ্গে বসে মাত্র চার-পাঁচজনের পড়ার ব্যবস্থা ছিল। মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁওয়ে নতুন ভবনে চলে আসায় এখন জায়গার সংকট নেই। লাইব্রেরি কক্ষটিও পেয়েছে বড় পরিসর। এখন একসঙ্গে অনেকে বসে বইপত্র পড়তে পারছেন।
৮ নভেম্বর সকালে গিয়ে দেখা যায়, আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের মূল কাঠামোর নির্মাণকাজ শেষ। এখন চলছে গ্যালারি, মিলনায়তন, উন্মুক্ত মঞ্চ সাজানো-গোছানোর কাজ। একদিকে সর্বশেষ প্রযুক্তির ব্যবহার, অন্যদিকে অনন্য স্থাপত্য কৌশলের সন্নিবেশ ভবনটিকে করেছে নান্দনিক।
সেগুনবাগিচা থেকে আগারগাঁওয়ে সবার আগে স্থানান্তর করা হয়েছে লাইব্রেরি, গত জুলাইয়ে। ঠাঁই পেয়েছে তৃতীয় তলার একটি কক্ষে। মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচি সমন্বয়ক রফিকুল ইসলাম বললেন, ‘একজন গবেষণা কর্মকর্তা লাইব্রেরির যাবতীয় সবকিছু তদারক করতেন। অতি সম্প্রতি তিনি দায়িত্বে না থাকায় কিছুটা অসুবিধা হচ্ছে বটে, তবে আমরা চেষ্টা করছি পাঠকদের যথাসম্ভব সহযোগিতা করতে।’
রফিকুল ইসলামের কথার বাস্তবতা কিছুটা দেখা গেল লাইব্রেরিতে ঢুকে। মেঝেতেও সার বেঁধে রাখা হয়েছে কিছু বই। আছে শৃঙ্খলারও অভাব। যাঁরা মুক্তিযুদ্ধ ও এর পূর্বাপর জানতে চান, যাঁরা করতে চান গবেষণা, তাঁদের জন্য এই লাইব্রেরি যেন স্বর্ণখনি। চার হাজার বই এখানে। সশস্ত্র মুক্তিযুদ্ধ, রণাঙ্গন, প্রত্যক্ষদর্শীর বয়ান, স্মৃতিচারণা, মুক্তিযুদ্ধকালে গণহত্যা, শহীদ মুক্তিযোদ্ধাদের কথা, প্রবাসীদের ভূমিকা, বিদেশি লেখকদের ভাষ্য, দুর্লভ ছবির অ্যালবাম, শিশুদের উপযোগী বই, মুক্তিযুদ্ধের গল্প-উপন্যাস সব মিলবে এখানে।
মুক্তিযুদ্ধের পরপর প্রকাশিত হয়েছিল তিনটি বই। অধ্যাপক রফিকুল ইসলামের বীরের রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা, মেজর (অব.) রফিকুল ইসলামের লক্ষ প্রাণের বিনিময়ে এবং এম আর আখতার মুকুলের আমি বিজয় দেখেছি। এ তিনটি বইয়ের মূল সংস্করণ পাওয়া যাবে এখানে। এ ছাড়া উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র ১৫ খণ্ড, লে. জে. জে এফ আর জ্যাকবের সারেন্ডার অ্যাট ঢাকা, ব্রিগেডিয়ার জেনারেল সিদ্দিক সালেকের উইটনেস টু সারেন্ডার, অক্সফোর্ড থেকে প্রকাশিত দ্য হোয়াইট হাউস অ্যান্ড পাকিস্তান, জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি এবং এর অনুবাদ অব ব্লাড অ্যান্ড ফায়ার, ফজলুল কাদের কাদেরীর বাংলাদেশ জেনোসাইড অ্যান্ড ওয়ার্ল্ড প্রেস।
১৯৯৬ সালে সেগুনবাগিচায় যখন মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা হয়, তখন দেশের বিশিষ্টজনদের অনেকেই তাঁদের ব্যক্তিগত সংগ্রহ থেকে বই দান করেন। এর বাইরে জাদুঘর কর্তৃপক্ষও প্রতিবছর কিছু কিছু করে বই কেনে। এভাবেই দিনে দিনে গড়ে উঠেছে আজকের সংগ্রহশালাটি। সংগ্রহ ও কেনা অব্যাহত থাকায় প্রতিবছরই বাড়ছে বইয়ের সংখ্যা।
জাদুঘর কর্তৃপক্ষ আরেকটি কাজ করেছে তা হলো, বাংলাদেশ ও বাইরে মুক্তিযুদ্ধ নিয়ে যত বই প্রকাশিত হয়েছে, তার একটি গ্রন্থপঞ্জি। আগ্রহী যে কেউ চাইলে এই গ্রন্থপঞ্জি থেকে সহায়তা নিয়ে তাঁদের ব্যক্তিগত সংগ্রহশালা সমৃদ্ধ করতে পারেন।
কথা বলে জানা গেল, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখা হয় লাইব্রেরি। সাপ্তাহিক ছুটি রোববার। কারণ শুক্র ও শনিবার পাঠক বেশি হয়। তবে এখান থেকে বই বাসায় নেওয়ার ব্যবস্থা নেই। পড়াশোনা বা গবেষণা, সব করতে হবে এখানে বসে। বর্তমানে লাইব্রেরির বইয়ের ক্যাটালগ তৈরির কাজ চলছে। কাজটা হয়ে গেলে পাঠকেরা আরও দ্রুত সেবা পাবেন।
তবে এখানে স্থায়ী গ্রন্থাগারিক নেই। কর্তৃপক্ষ জানায়, সেগুনবাগিচা থেকে আগারগাঁওয়ে জিনিসপত্র স্থানান্তর সবে শুরু হয়েছে। খুব শিগগির স্থায়ী গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া হবে। অবশ্য কর্তৃপক্ষের ভাষ্য, এতে বিশেষ অসুবিধা হচ্ছে না।