পড়াশোনা, ফলাফল ভালো তবু এমপিওভুক্ত হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের বাইরে প্রাইভেট বা কোচিং করতে হয় না। কলেজের শিক্ষকেরাই গুরুত্বের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করান। নির্ধারিত পরীক্ষার বাইরে মাসিক পরীক্ষাসহ ১৫ দিন পরপর বিষয়ভিত্তিক পরীক্ষা নেন শিক্ষকেরা। দুর্বল শিক্ষার্থীদের কলেজ ছুটির পর এক ঘণ্টার বিশেষ ক্লাসও নেওয়া হয়।
শিক্ষকদের এ প্রয়াসের কারণে চার বছর ধরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মেধাতালিকায় স্থান পেয়েছে কলেজটি। শিক্ষাপ্রতিষ্ঠানটি রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবস্থিত। নাম তারাগঞ্জ কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ।
কিন্তু দীর্ঘদিনেও কলেজটিকে এমপিওভুক্ত করা হয়নি। ফলে কঠোর পরিশ্রম করা কলেজের শিক্ষকেরা মানবেতর জীবন যাপন করছেন। কলেজের প্রভাষক আবদুল রহিম বলেন, ‘এমপিওভুক্তির আশায় বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছি। এ অবস্থায় আমরা অন্যের সন্তানদের লেখাপড়া শেখালেও নিজেদের সন্তানদের লেখাপড়া খরচ চালাতে পারছি না।’
ওই কলেজ সূত্রে জানা গেছে, ২০০০ সালে দুই একর ১৭ শতাংশ জমির ওপর কলেজটি স্থাপন করা হয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ১০ জন শিক্ষক চার শতাধিক শিক্ষার্থীর পাঠদান করাচ্ছেন। কর্মচারী আছেন নয়জন।
সারা দেশের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ফলাফলে ২০১০ সালে চতুর্থ, ২০১১ সালে দ্বিতীয়, ২০১২ সালে তৃতীয় এবং ২০১৩ সালে ২০তম স্থান লাভ করে কলেজটি। এর পরও কলেজটি এমপিওভুক্ত হয়নি।
শিক্ষার্থীরা জানান, শিক্ষার মান ও শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে অভিভাবকদের নিয়ে কলেজ পরিচালনা কমিটি ও শিক্ষকেরা সমাবেশ করছেন। নির্ধারিত পরীক্ষার বাইরে মাসিক পরীক্ষাসহ বিষয়ভিত্তিক ১৫ দিন পরপর পরীক্ষা নেন শিক্ষকেরা।
কলেজ পরিচালনা কমিটির সদস্য মতিয়ার রহমান বলেন, শিক্ষক-কর্মচারীরা আন্তরিকভাবে পরিশ্রম করছেন। কলেজের শিক্ষার্থীরাও ভালো ফল করছে। অথচ এমপিওভুক্ত না হওয়ায় কলেজের শিক্ষক-কর্মচারীরা অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছেন।
কলেজের অধ্যক্ষ আবদুল হামিদ বলেন, ২০০৬ সালে বৈঠক করে শিক্ষকেরা সিদ্ধান্ত নেন তাঁদের কেউ টাকা নিয়ে প্রাইভেট পড়াবেন না। ক্লাসে মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাবেন এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর রাখবেন। এ প্রয়াসের কারণে শিক্ষার্থীরা ফল ভালো করলেও শিক্ষকেরা এর ফল পাচ্ছেন না। দীর্ঘদিনেও এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকেরা হতাশ হয়ে পড়েছেন।
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল বলেন, কলেজটি ভালো ফল করছে। কলেজটিকে তিনি এমপিওভুক্ত করার চেষ্টা করবেন।