পণ দিলেও মুক্তি মেলেনি রবিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দফায় মুক্তিপণ হিসেবে এক লাখ ৪০ হাজার টাকা অপহরণকারীদের দিয়েছিল স্কুলছাত্র রবিনের পরিবার। কিন্তু ওই টাকা দেওয়ার এক মাস পরও তারা তাকে ছেড়ে দেয়নি। রবিনকে ফিরে না পেয়ে তার মা-বাবা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। পুলিশ অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে।
রবিন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঈমানখার পাড়ার হাসমত খানের ছেলে ও স্থানীয় কেকেএস শিশু বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। গত ১৪ নভেম্বর দৌলতদিয়া থেকে তাকে অপহরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর সন্ধ্যায় দৌলতদিয়ার আঞ্জুমান কাদেরিয়ার দরবার শরিফে মহররমের মাতম দেখতে বাড়ি থেকে বের হয় রবিন। দুই দিন পর তার বড় ভাই মিলনের মুঠোফোনে ফোন করে এক ব্যক্তি জানায়, রবিন তাদের কাছে আছে এবং তাকে ছাড়িয়ে নিতে ২০ হাজার টাকা বিকাশ করে পাঠিয়ে দিতে হবে। বিষয়টি পুলিশ বা র‌্যাবকে জানালে রবিনকে হত্যা করা হবে। ওই দিন সন্ধ্যায় তাদের কথামতো অপহরণকারীদের দেওয়া নম্বরে ২০ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত ১৭ নভেম্বর সকালে রবিনের ভাইকে একই নম্বরে আরও ২০ হাজার টাকা পাঠিয়ে দিতে বলা হয়। দুপুরে আবার ফোন করে ৫০ হাজার নিয়ে তাদের দেওয়া ঠিকানা অনুযায়ী রবিনের বাবাসহ কয়েকজন ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর এলাকায় যান। সেখান থেকে টাকাসহ একজনকে প্রায় তিন কিলোমিটার দূরের নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে টাকা রেখে রবিনকে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছে দেওয়ার কথা বলে তাঁদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এরপর অপহরণকারীদের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এর তিন দিন পর অপহরণকারীরা ৫০ হাজার টাকা বিকাশ করে পাঠাতে বলে। ওই ৫০ হাজার টাকা পাঠানোর পরও রবিনকে ফিরে পায়নি তার পরিবার।
গতকাল শুক্রবার রবিনদের বাড়িতে গেলে তার মা রহিমা বেগম অপহরণকারীদের উদ্দেশে বলেন, ‘আমার রবিনরে আপনারা কোনো ক্ষতি কইরেন না। সবকিছুই নিয়া যান, তবু ওরে আমাদের কোলে ফিরায়্যা দেন।’ এ ঘটনায় রবিনের নানা আবদুল জলিল মুন্সি থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ গত মঙ্গলবার রাতে অপহরণের ঘটনায় স্থানীয় আজিজল ওরফে আইজ্জাল ও মজিবর শেখকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়ালন্দ থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেঞ্চদ জানান, রবিনকে উদ্ধার এবং অপহরণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।