পণ্ডশ্রম
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান, পেছনে অর্ধশত দাঙ্গা পুলিশ, ফায়ার সার্ভিসের একটি ইউনিট, জেলা বন কর্মকর্তা, জেলা পশুসম্পদ কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বীরদর্পে এগিয়ে যাচ্ছেন সবাই। হ্যান্ডমাইকে এক পুলিশ সদস্য এলাকাবাসীকে ঘর থেকে বের হতে নিষেধ করছেন। মুহূর্তেই আতঙ্কিত হয়ে ওঠে পুরো এলাকা।না, কোনো সন্ত্রাসীকে ধরার জন্য নয়। পাবনার সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম চর বলরামপুরে গত সোমবার সকালে বাঘ ধরাকে কেন্দ্র করে ঘটে গেল তুলকালাম কাণ্ড। অবশেষে এতগুলো কর্মকর্তা প্রায় দুই ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে ধরে নিয়ে এলেন একটি গেছো বিড়াল।সদর থানার ওসি মতিয়ার রহমান জানান, সকাল সাড়ে দশটার দিকে এলাকাবাসী মুঠোফোনে জানান, ওই এলাকায় একটি বাঘ দেখা গেছে। বিষয়টি প্রশাসনের সব দপ্তরকে অবহিত করা হলে সবাই মিলে বাঘটি ধরার সিদ্ধান্ত নেয়। বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে প্রায় অর্ধশত দাঙ্গা পুলিশ নিয়ে বাঘটি ধরতে যাওয়া হয়। খবর পেয়ে জেলা বন কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে হাজির হন। খোঁজাখুঁজির পর একটি ইউক্যালিপ্টাস গাছের পাতার আড়াল থেকে বাঘের লেজ উঁকি দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা পরিশ্রম করে সেটিকে আটকান।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কাশেম জানান, আটক করার পর দেখা যায়, সেটি বাঘ নয়, একটি বনবিড়াল। পরে সেটিকে জেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। জেলা বন কর্মকর্তা অজিত কুমার জানান, ধরতে গিয়ে বনবিড়ালটির শরীরে আঘাত লেগেছে। বর্তমানে সেটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে আবার বনে ছেড়ে দেওয়া হবে।