পণ্ডিত অমরেশ রায় চৌধুরীর জন্মদিন উদ্যাপন

সুরে ভেসে যাওয়া সন্ধ্যা প্রায় মধ্যরাতে গিয়ে থামল। আর ফুলে ফুলে ভরে উঠল পণ্ডিত অমরেশ রায় চৌধুরীর চারপাশ। এভাবেই ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় উদ্যাপিত হলো এই সংগীতগুরুর ৮৬তম জন্মদিন।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার দিনগত রাতে রাজশাহী নগরের রানীবাজারে পণ্ডিত অমরেশ রায় প্রতিষ্ঠিত ‘সঙ্গীতাশ্রম’-এ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অমরেশ রায় চৌধুরীর জীবনী থেকে পাঠ করেন বিশিষ্ট নাট্যশিল্পী সুখেন মুখোপাধ্যায়। তাঁর জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তব্য দেন বিশিষ্ট উচ্চাঙ্গসংগীতশিল্পী ওস্তাদ মঞ্জুশ্রী রায়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী যতন কুমার পাল, শরৎ চন্দ্র সরকার, অর্চনা প্রামাণিক, বিমল বসু, রেজাউল করিম, হামিদুল ইসলাম, রিপন, মৌসুমী, মুনমুন, নয়ন, লাইলা, টগর প্রমুখ। বেহালা পরিবেশন করেন মিলন বিশ্বাস।
অনুষ্ঠানের শেষে পণ্ডিত অমরেশ রায় নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিখ্যাত সেই গান থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, ‘জানি একদিন আমার জীবনী লেখা হবে। সে জীবনী লিখে রেখো তোমাদের গানের খাতায়..।’ তিনি বলেন, ‘এখন আমি আরও কিছুদিন শুদ্ধ সংগীতের জন্য আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।’