পণ্ডিত বিজন চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজন চৌধুরী
বিজন চৌধুরী

বিখ্যাত তবলাবাদক পণ্ডিত বিজন চৌধুরীর শেষকৃত্য গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের বলুয়ার দিঘি মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। এর আগে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাঁর প্রতি শ্রদ্ধা জনান সর্বস্তরের মানুষ।
গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে তবলা বাজাতে বাজাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ছন্দরত্নাকর উপাধিতে ভূষিত পণ্ডিত বিজন চৌধুরী। ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামের বাঁশির সঙ্গে তিনি তখন তবলা বাজাচ্ছিলেন। তাঁর মৃত্যুতে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক অঙ্গনে।
পণ্ডিত বিজন চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে সংস্কৃতিকর্মীরা গতকাল ভিড় করেন শহীদ মিনার প্রাঙ্গণে। এ সময় ফুলে ফুলে ঢেকে যায় বিজন চৌধুরীর মরদেহ। শহীদ মিনারে তাঁর দীর্ঘদিনের বন্ধু বিখ্যাত বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, কবি ও সাংবাদিক আবুল মোমেন, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী শীলা মোমেন, ওস্তাদ মিহির নন্দী, মিহির লালা, নজরুলসংগীতশিল্পী মৃণাল ভট্টাচার্য, সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মৃণাল চৌধুরী, খেলাঘর সংগঠক রথিন সেন, শিল্পী অনিতা লালা, থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক আহমেদ ইকবাল হায়দারসহ সর্বস্তরের শিল্পী, ভক্ত, অনুরাগীরা সমবেত হন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা শাখা, উদীচী চট্টগ্রাম জেলা সংসদ, খেলাঘর চট্টগ্রাম মহানগর, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি, সদারঙ্গ, চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা, আর্যসংগীত, আনন্দধ্বনি, ফুলকিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও বিজন চৌধুরীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ শেষকৃত্যানুষ্ঠানের জন্য বলুয়ার দিঘির পাড় অভয়মিত্র মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে যান।