পণ্ডিত রামকানাই দাশ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্ডিত রামকানাই দাশ
পণ্ডিত রামকানাই দাশ

একুশে পদক পাওয়া শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট গুরু পণ্ডিত রামকানাই দাশ আর নেই। গতকাল শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে তিনি রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত ২৭ আগস্ট তাঁকে চিকিৎসার জন্য সিলেট থেকে এনে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ আগস্ট তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতেই তাঁর মরদেহ সিলেটে নিয়ে যাওয়া হবে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর মরদেহ আনা হবে তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।
রামকানাই দাশের চিকিৎসক নিউরোসার্জন কনক কান্তি বড়ুয়া জানান, অস্ত্রোপচারের চার দিন পর পণ্ডিত রামকানাই দাশ নিউমোনিয়ায় আক্রান্ত হন। তাঁর রক্তচাপ অস্বাভাবিকভাবে ওঠা-নামা করছিল। পাশাপাশি তাঁর হৃদ্যন্ত্র ঠিকমতো কাজ করছিল না। গতকাল সকাল থেকে তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস (লাইফ সাপোর্ট) দিয়ে রাখা হয়েছিল।
রাত সাড়ে ১১টার দিকে মেট্রোপলিটান হাসপাতালে গিয়ে দেখা যায়, রামকানাইয়ের স্বজন ও শিক্ষার্থীদের কান্নায় সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। তাঁর মরদেহ সিলেটে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল।
রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে যান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি রামকানাইয়ের মরদেহ দেখেন এবং তাঁর স্বজনদের প্রতি সমবেদনা জানান। পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘রামকানাই দাশকে হারানো মানেই বিরাট ক্ষতি। এখন আমাদের তাঁর সৃষ্টিকে ধরে রাখতে হবে।’
রামকানাই দাশের ছেলে তিনুসেন দাশ জানান, ২৬ আগস্ট তাঁর বাবা সিলেটে তাঁর বাসভবনে অসুস্থ হয়ে পড়েন। ওই দিন সন্ধ্যায় তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার বিষয়টি জানা যায়।
পণ্ডিত রামকানাই দাশকে ২০১৩ সালে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। এর আগে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ‘রবীন্দ্র পদক’ পেয়েছেন তিনি। সংগীতে অসামান্য অবদানের জন্য ‘বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০১২’ দেওয়া হয় তাঁকে। লোকগানের সেরা শিল্পী হিসেবে ২০১১ সালে ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ পান। চলতি বছরে পান একুশে পদক। এ ছাড়া দেশে এবং বিদেশে তিনি পেয়েছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার।
পুরাতনী বাংলা গান নিয়ে দীর্ঘদিন কাজ করেন পণ্ডিত রামকানাই দাশ। এই গানকে নাগরিক শ্রোতাদের কাছে জনপ্রিয় করতে ভূমিকা রাখেন। দেশে ও বিদেশে তাঁর অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে। তিনি ছিলেন সংগীত পরিষদ সিলেট সংগঠনের অধ্যক্ষ। সম্প্রতি তিনি গঠন করেন শাস্ত্রীয় সংগীতের প্রতিষ্ঠান ‘গুরু পরম্পরা’। নিজের প্রতিষ্ঠিত ‘বিনে পয়সার পাঠশালা’য় তিনি দরিদ্র, পিছিয়ে পড়া ও ছিন্নমূল শিশুদের গান শেখাতেন।
পণ্ডিত রামকানাই দাশ স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
১৯৩৫ সালের ১৫ এপ্রিল রামকানাই দাশের জন্ম সুনামগঞ্জের শাল্লা উপজেলার পুটকা গ্রামে। তাঁর পৈতৃক বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া গ্রামে। বাবা রসিকলাল দাশ ও মা দিব্যময়ী দাশ ছিলেন লোকসংগীতের সাধক।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন শরণার্থী শিবিরে গান গেয়ে সবার মনোবল সমুন্নত রাখার কাজ করেছেন রামকানাই দাশ। ১৯৮২ সালে বাংলা একাডেমি মিলনায়তনে শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠীর শীতকালীন সংগীত সম্মেলনে উচ্চাঙ্গসংগীত পরিবেশন করে তিনি প্রথম সুধীমহলের দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রে সরাসরি সংগীত শিক্ষার আসর ‘সা রে গা মা’ দুই বছর পরিচালনা করেন তিনি। তাঁর গাওয়া গান নিয়ে প্রকাশিত অ্যালবামগুলো হলো বন্ধের বাঁশি বাজে, সুরধূনীর কিনারায়, পাগলা মাঝি এবং অসময়ে ধরলাম পাড়ি। তাঁর স্মৃতিকথা নিয়ে বেরিয়েছে বই সংগীত ও আমার জীবন। সংগীতশিক্ষার ওপর তাঁর দুটি গ্রন্থ হলো সরল সংগীত শিক্ষা প্রথম ও দ্বিতীয় খণ্ড।
পণ্ডিত রামকানাই দাশের জীবন ও সাধনা নিয়ে নিরঞ্জন দে তৈরি করেন তথ্যচিত্র সুরের পথিক।