পণ্ডিত রামকানাই দাশ স্মরণে শোকসভা
একুশে পদকপ্রাপ্ত শাস্ত্রীয় সংগীতের গুরু প্রয়াত পণ্ডিত রামকানাই দাশ স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় নগরের দরগাগেট এলাকায় সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত।
আয়োজক সংগঠনের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, দৈনিক সিলেটের ডাক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা আবুল কাসেম।
প্রয়াত পরিবারের পক্ষে পিনুসেন দাশ এবং আয়োজক সংগঠনের পক্ষে সাংবাদিক কাউসার চৌধুরী বক্তব্য দেন। শোকসভায় বক্তারা বলেন, পণ্ডিত রামকানাই দাশের মৃত্যুতে সংগীতাঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশ হারিয়েছে তার একজন শ্রেষ্ঠ সন্তানকে। শাস্ত্রীয় সংগীত ও লোকসংগীতকে তিনি সারা বিশ্বে পরিচিত করতে একনিষ্ঠভাবে আমৃত্যু কাজ করে গেছেন।