পণ্ডিত রামকানাই দাশের গান নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
একুশে পদকপ্রাপ্ত শাস্ত্রীয় সংগীতের গুরু প্রয়াত পণ্ডিত রামকানাই দাশের রচিত ও সুরারোপিত লোকগানের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল শুক্রবার নগরের কুমারপাড়া এলাকার শাহ আলম আর্ট গ্যালারি অব ফাইন আর্টস সেন্টারে এ কর্মশালার উদ্বোধন হয়।
সন্ধ্যায় কর্মশালার উদ্বোধন করেন সিলেটের প্রবীণ শিক্ষাবিদ মো. আবদুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন কবি শুভেন্দু ইমাম, সিলেটের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসাইন, সংগীত প্রশিক্ষক কাবেরী দাশ, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক নিরঞ্জন দে, গবেষক সুমনকুমার দাশ। অনুষ্ঠান সঞ্চালন করেন মামুন পারভেজ। কর্মশালায় ৩২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
কর্মশালায় আবদুল আজিজ বলেন, রামকানাই দাশ আমৃত্যু সংগীতের বিচিত্র সব ধারা নিয়ে কাজ করে গেছেন। তাঁর লেখা গানগুলো সঠিকভাবে প্রচার করতে পারলে বাংলা গানের ধারা আরও সমৃদ্ধ হবে।