নিবিড় পরিচর্যায় পণ্ডিত রামকানাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুরু পণ্ডিত রামকানাই দাশ
গুরু পণ্ডিত রামকানাই দাশ

একুশে পদক পাওয়া শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট গুরু পণ্ডিত রামকানাই দাশের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁকে গত বুধবার রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়।

পণ্ডিত রামকানাইয়ের ছেলে পিনু সেন দাশ প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার সিলেটে নিজেদের বাড়িতে তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। ওই দিন সন্ধ্যায় তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার ব্যাপারটি সেখানেই ধরা পড়ে। পরদিন বুধবার তাঁকে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

আজ দুপুরে নিউরো সার্জন কনক কান্তি বড়ুয়া প্রথম আলোকে জানান, মঙ্গলবার রাতে সিলেটে পণ্ডিত রামকানাই দাশের একটি সিটিস্ক্যান করা হয়েছিল। সেই সময় রিপোর্ট অনুযায়ী রক্তক্ষরণের পরিমাণ অল্প ছিল। গতকাল বৃহস্পতিবার রাতে আরও অসুস্থ হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর পুনরায় তাঁর সিটিস্ক্যান করা হয়। এবারের রিপোর্টে রক্তক্ষরণের পরিমাণ বেশি দেখা গেছে। এদিকে তিনি হূদরোগেও ভুগছেন। তাঁর চিকিত্সা পর্যালোচনা করার জন্য আজ শুক্রবার দুপুরে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই বোর্ডে রয়েছেন নিউরো সার্জন রশিদ উদ্দিন ও আফজালুর রহমান। তাঁরা পণ্ডিত রামকানাই দাশের মস্তিষ্কে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।

বিকেলে মুঠোফোনে অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, ‘যতই সময় যাচ্ছে, পণ্ডিত রামকানাই দাশের মস্তিষ্কে রক্তক্ষরণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং তা ক্রমেই জটিল হচ্ছে। তাই দ্রুত তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পণ্ডিত রামকানাই দাশকে ২০১৩ সালে মেরিল-প্রথম আলোর পক্ষ থেকে আজীবন সম্মাননা জানানো হয়। তিনি পুরাতনী বাংলা গান নিয়ে অনেক দিন যাবত্ কাজ করছেন। পুরাতনী বাংলা গানকে নাগরিক শ্রোতাদের কাছে জনপ্রিয় করতে ভূমিকা রাখেন তিনি। দেশে ও দেশের বাইরে তাঁর অসংখ্য ছাত্রছাত্রী রয়েছেন।

পিনু সেন দাশ তাঁর বাবার জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন।