পণ্ডিত সত্যপ্রিয় পাঠাগার পেয়ে খুশি বৌদ্ধ সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামু কেন্দ্রীয় সীমা বিহারে ‘পণ্ডিত সত্যপ্রিয় পাঠাগারে’র যাত্রা শুরুর আলোচনাসভায় অতিথিরা। ছবি: প্রথম আলো
রামু কেন্দ্রীয় সীমা বিহারে ‘পণ্ডিত সত্যপ্রিয় পাঠাগারে’র যাত্রা শুরুর আলোচনাসভায় অতিথিরা। ছবি: প্রথম আলো

কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহারে ‘পণ্ডিত সত্যপ্রিয় পাঠাগারে’র যাত্রা শুরু হলো। দৃষ্টিনন্দন সীমা বিহারের তৃতীয় তলার একটি কক্ষে পাঠাগারটি তৈরি করে দেয় প্রথম আলো ট্রাস্ট। ধর্মীয়সহ নানা বিষয়ের হাজারো বইতে ঠাসা আধুনিকমানের পাঠাগারটি পেয়ে মহাখুশি স্থানীয় বৌদ্ধ সমাজ।
আজ বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে পাঠাগারের উদ্বোধন করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সীমা বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি সত্যপ্রিয় মহাথের, প্রথম আলো ট্রাস্ট ও সামিট গ্রুপের চেয়ারম্যান এম আজিজ খান, বার্জার পেইন্ট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হোসেন প্রমুখ।
বিহারের নিচতলায় মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনাসংগীতের মধ্যদিয়ে শুরু হয় আলোচনা সভা। বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসহ বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষ এতে অংশ নেন। সত্যপ্রিয় মহাথেরর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ‘২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধপল্লিতে যে নারকীয় হামলা হয়েছে, তার জন্য বাংলাদেশের সকল মানুষ ব্যথিত। এই হামলা বাংলাদেশের জন্য বহির্বিশ্বে খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকার হামলাকারীদের যত দ্রুত বিচারের আওতায় আনবে, জাতি তত উপকৃত হবে এবং রামুর সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ফিরে পাবে।’ তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তি দাবি করেন।
বিশেষ অতিথির বক্তব্যে এম আজিজ খান বলেন, ‘রামু হামলার জন্য বাংলাদেশের সকল মানুষের পক্ষে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। কারণ আমাদের দেশের কিছু দুর্বৃত্ত এই ঘৃণিত কাজটি করতে পেরেছে।’ জাতিগতভাবে কলঙ্কমুক্ত হওয়ার জন্য হামলার দ্রুত বিচার দাবি করেন তিনি।

রামুর সীমা বিহারে এই পাঠাগারটি তৈরি করে দেয় প্রথম আলো ট্রাস্ট।
রামুর সীমা বিহারে এই পাঠাগারটি তৈরি করে দেয় প্রথম আলো ট্রাস্ট।

রূপালী চৌধুরী বলেন, ‘রামু হামলার জন্য আমরা লজ্জিত। আমরা সব সময় রামুর বৌদ্ধ সম্প্রদায়ের পাশে থাকব।’
রামু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোশতাক আহমদ বলেন, কতিপয় দুষ্কৃতকারীর কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে না। ২৯ সেপ্টেম্বরের ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত।
রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষুর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রবীর বড়ুয়া, রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অলক বড়ুয়া প্রমুখ।
এর আগে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সভা শেষে পণ্ডিত সত্যপ্রিয় মহাথের পাঠাগারে ভিক্ষুদের সঙ্গে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান মতবিনিময় করেন। এ সময় পাঠাগারে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে চারটি কম্পিউটার ও আরও বই দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
পাঠাগার পেয়ে সত্যপ্রিয় মহাথের বলেন, ‘আমরা প্রথম আলো এবং প্রথম আলো ট্রাস্টের প্রতি কৃতজ্ঞ।

কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহারে সত্যপ্রিয় মহাথেরর মোমবাতি প্রজ্বালনের মধ্যদিয়ে আলোচনাসভার শুরু হয়। ছবি: প্রথম আলো
কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহারে সত্যপ্রিয় মহাথেরর মোমবাতি প্রজ্বালনের মধ্যদিয়ে আলোচনাসভার শুরু হয়। ছবি: প্রথম আলো

পাঠাগারের বই পড়ে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ উপকৃত হবে।’ পাঠাগারের ভেতরের অবস্থা দেখে স্থানীয় মেরংলোয়া গ্রামের ববিতা বড়ুয়া বলেন, ‘দুর্বৃত্তের হামলায় সীমা বিহার ধ্বংস হওয়ার পর থেকে প্রায় দেড় বছর আমরা কোনো বই পড়তে পারিনি। এখন পাঠাগারে এসে ধর্মীয়সহ সকল ধরনের বই পড়তে পারছি, আমরা খুশি।’
উল্লেখ্য, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে ফেসবুকে পবিত্র কোরআন শরিফের অবমাননাকর ছবিকে কেন্দ্র করে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী সীমা বিহারসহ রামুর ১২টি প্রাচীন বৌদ্ধ বিহার ও ৩৬টি বসতিতে অগ্নিসংযোগ ও হামলা চালিয়ে ধ্বংস করে। পরদিন উখিয়া ও টেকনাফে আরও সাতটি মন্দিরে অগ্নিসংযোগ করা হয়।
পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সরকার প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ধ্বংসস্তূপের ওপর দৃষ্টিনন্দন ১৯টি বিহার নির্মাণ করে দেয়। এর জন্য বৌদ্ধ সমাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। গত বছরের ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামুতে এসে নতুন বৌদ্ধ বিহারের উদ্বোধন করেন। এরপর দেশি-বিদেশি পর্যটকেরা এই বৌদ্ধমন্দির দেখতে আসছেন। কিন্তু বিহারে কোনো পাঠাগার না থাকায় মানুষজনের সমস্যা হচ্ছিল। ফলে অন্তত ৩০ হাজার বই রাখার উপযোগী একটি আধুনিকমানের পাঠাগার স্থাপনের কাজে এগিয়ে আসে প্রথম আলো ট্রাস্ট। পাঠাগারের নামকরণ করা হয় ৮৭ বয়সোর্ধ্ব দেশের সর্বোচ্চ ধর্মীয় গুরুপণ্ডিত সত্যপ্রিয় মহাথেরর নামে।