পণ্য খালাসে ধীরগতি, বাড়ছে স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহার ছুটির পর আমদানির তুলনায় খালাসের হার কম হওয়ায় চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যভর্তি কনটেইনারের সংখ্যা ধারণক্ষমতা ছাড়িয়ে গেছে। কয়েক দিনের মধ্যে পণ্য খালাস পুরোদমে শুরু না হলে পরিচালন কার্যক্রমে অচলাবস্থা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা।
বন্দরের তথ্য অনুযায়ী, গত তিন দিনে জাহাজ থেকে কনটেইনার নামানো হয়েছে ৮ হাজার ৬০৪টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ ধরে)। আর খালাস হয়েছে ৩ হাজার ২৮০টি। গতকাল মঙ্গলবার বন্দরে আমদানি পণ্যভর্তি কনটেইনারের সংখ্যা ধারণক্ষমতার চেয়ে ১ হাজার ৪৭১টি বেশি ছিল।
বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, বন্দরে শুধু ঈদের দিন কাজ বন্ধ থাকে। এরপর জাহাজ থেকে পণ্য নামলেও আমদানিকারকেরা পুরোদমে খালাস করছেন না। ঈদের পর পণ্য খালাসে আমদানিকারকদের বিকল্প ব্যবস্থা রাখা উচিত। তিনি বলেন, বন্দরকে সচল রাখতে হলে আমদানিকারকদের দ্রুত পণ্য খালাস করতে হবে।
বন্দরের কর্মকর্তারা বলছেন, পণ্য পড়ে থাকার জন্য আমদানিকারকদের ভাড়াও গুনতে হচ্ছে। এরপরও খালাস হচ্ছে না।
চট্টগ্রাম চেম্বারের পরিচালক এবং বন্দর ও জাহাজীকরণ-বিষয়ক উপকমিটির উপদেষ্টা মাহফুজুল হক শাহ বলেন, ঈদের পর সাত-আট দিন এমনিতেই কাজের গতি থাকে না। হয়তো পরিবহনের জন্য ট্রাকও পাওয়া যায় না। আবার কারখানা পুরোদমে চালু হতে ঈদের পর কয়েক দিন সময় লেগে যায়। এসব কারণে ব্যবসায়ীরাও পণ্য খালাসে একটু সময় নেন। তিনি বলেন, আগামী রোববার থেকে পুরোদমে কাজ শুরু হলে পণ্য খালাসের হারও বাড়বে।
বন্দর সূত্র জানায়, আমদানি পণ্যভর্তি কনটেইনার পাঁচটি শ্রেণিতে আলাদা করে রাখা হয়। এই পাঁচটি শ্রেণি হলো সাধারণ পণ্যভর্তি কনটেইনার, একাধিক আমদানিকারকের পণ্যভর্তি কনটেইনার, হিমায়িত কনটেইনার, ঢাকার কমলাপুর ও পানগাঁও নৌ-টার্মিনালমুখী কনটেইনার। বন্দরে এই পাঁচটি শ্রেণির কনটেইনারের ধারণক্ষমতা ২৬ হাজার ৮৫৭টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ ধরে)। গত শনিবার পর্যন্ত এই পাঁচ শ্রেণির অন্তত আড়াই হাজার কনটেইনার রাখার জায়গা ফাঁকা ছিল। এরপর ধারাবাহিকভাবে ধারণক্ষমতা ছাড়িয়ে যায়। গতকাল বন্দরে আমদানি পণ্যভর্তি কনটেইনারের সংখ্যা ছিল ২৮ হাজার ৩২৮টি।
কনটেইনার ও জাহাজ পরিচালনাকারী কোম্পানি কে লাইন বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক সাহেদ সরওয়ার বলেন, আমদানি পণ্যভর্তি কনটেইনার রাখার জায়গা পেতে সমস্যা হচ্ছে। এখনো জাহাজের অবস্থান সময়ে সমস্যা হচ্ছে না। তবে আমদানিকারকেরা কনটেইনার খালাস পুরোদমে শুরু না করলে আগামী সপ্তাহে পরিচালন কার্যক্রম ব্যাঘাত ঘটতে পারে। এর প্রভাব পড়তে পারে জাহাজের অবস্থান সময়েও।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন বলেন, ঈদের আগে-পরে ছয় দিন মহাসড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা ছিল। ফলে চট্টগ্রামের বাইরের আমদানিকারকদের এ সময়ে বন্দর থেকে পণ্য খালাস করে কারখানা বা গুদামে নেওয়ার সুযোগ ছিল না। এ ছাড়া অনেক বেসরকারি প্রতিষ্ঠানে কাজের গতি পুরোদমে ফেরেনি। এসব কারণেই এ সপ্তাহে পণ্য খালাসের গতি ধীর।