পণ্য খালাসে ধীরগতি-বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজা শুরুর আগে স্বজনদের জন্য খেজুর, গুঁড়া দুধসহ বিভিন্ন শুকনা খাবার দুবাই থেকে পণ্যবাহী বিমানে করে চট্টগ্রামে পাঠিয়েছিলেন প্রবাসী ব্যবসায়ী নুরুল আফসার। তাঁর পাঠানো খাবারের কার্টন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান–বন্দরের কার্গো শেেড (মালামাল রাখার স্থান) প্রায় এক মাস পড়েছিল। গতকাল বৃহস্পতিবার রোজার ২৮তম দিনে ওই পণ্যের খালাস-প্রক্রিয়া শেষ হয়েছে।
পণ্য খালাসে ধীরগতি ও জটিলতার কারণে নুরুল আফসারের মতো এমন বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়তে হয়েছে আরও অনেককে। রোজার আগে পাঠানো পণ্য রোজা শেষ হতে চললেও খালাস করতে পারছেন না অনেকে। অভিযোগ উঠেছে, কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টদের সমন্বয়হীনতার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেড থেকে পণ্য খালাসে দেরি হচ্ছে। এমনকি রোজার মধ্যে চার দিন মালামাল খালাস বন্ধ ছিল। পণ্য খালাসের জন্য দিনের পর দিন অপেক্ষায় থাকতে হচ্ছে অনেককে। এতে মানুষের ভোগান্তি বাড়ছে। বিমানবন্দরেও মালামালের স্তূপ জমেছে।
এ বিষয়ে শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই-আলম প্রথম আলোকে বলেন, শুল্ক আইনে মালামাল খালাসের একটি নিয়ম আছে। কিন্তু সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানগুলো সেই নিয়ম মানতে চায় না বলে খালাস-প্রক্রিয়া নিয়ে কাস্টমসের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ কারণে রমজান মাসে চার দিন মালামাল খালাস বন্ধ ছিল। তবে দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় সেই সমস্যা আপাতত কেটেছে।
বিমানবন্দরের ব্যবস্থাপক নূর-ই-আলম বলেন, ‘রমজান মাসে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত মালামাল খালাসের নিয়ম। ব্যাংক খোলা রাখা হয় ওই সময় পর্যন্ত। কিন্তু সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের লোকজন মালামাল খালাসের জন্য আসেন বেলা ১১টা থেকে সাড়ে ১১টায়। ফলে প্রতিদিন ৯০-৯৫ টনের পরিবর্তে মালামাল খালাস হয় ৩০-৩৫ টন। এ কারণে মালামালের স্তূপ জমে গেছে।’
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত কাস্টমসের সহকারী কমিশনার আবুল কাসেম প্রথম আলোকে বলেন, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের সঙ্গে সমস্যার কারণে মালামাল খালাস বন্ধ ছিল। এ সংকট কাটিয়ে তুলতে ছয়জন অতিরিক্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়েছে।
তবে চট্টগ্রামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের মালিক আবু বকর বলেন, ‘১ জুলাই কার্গো বিমানে আসা মালামাল খালাসের জন্য আমি যে কাগজপত্র দাখিল করেছি, তা আজ (গতকাল) সরবরাহ করা হয়েছে। সরকারি লোকবলসংকট ও একটিমাত্র স্ক্যানার যন্ত্র থাকার কারণে মালামাল সরবরাহ করতে অনেক সময় লেগে যাচ্ছে।’ তিনি বলেন, রমজানের শুরুতে আসা মালামাল এখনো অনেকে খালাস করে নিতে পারেননি।