চট্টগ্রাম বন্দর থেকে পোশাকশিল্পের পণ্য চুরির ঘটনায় তিনজনকে জড়িয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার আমিরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়ার আদালতে এই জবানবন্দি দেন তিনি।নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘আসামি আমিরুল ইসলাম বন্দরে পণ্য চুরির ঘটনায় তিনজনকে জড়িয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।’আদালত সূত্রে জানা গেছে, জবানবন্দিতে আমিরুল ইসলাম বলেন, ফকিরহাট এলাকার নাসির, রানা ও রফিক মাঝি নামের তিনজন তাঁকে (আমিরুল) নিলামের পণ্য সরবরাহ নেওয়ার কথা বলেন। এ জন্য তিনি অগ্রিম তিন লাখ টাকা দেন এই তিনজনকে। এরপর গাড়িতে ২৪০ রোল জিনসের পণ্য নিয়ে তিনি টেরিবাজার এলাকায় পাঁচটি গুদামে নিয়ে রাখেন। এই পাঁচটি হলো সাবের, কামাল, সাহাবউদ্দিন, খোকন ও গোলাম নবীর গুদাম। গুদামে পণ্য রাখার পরদিন তিনি জানতে পারেন, এগুলো বন্দর থেকে চুরি হওয়া পণ্য।গত সোমবার দুপুর একটা থেকে সাত ঘণ্টার মধ্যে বন্দরের সংরক্ষিত এলাকা থেকে একটি কনটেইনারের দুই-তৃতীয়াংশ জিনসের কাপড় চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।