পণ্য তুলছেন না ডিলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজার স্থিতিশীল রাখতে সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে খোলা বাজারে কম দামে পণ্য বিক্রির উদ্যোগ নেয়। কিন্তু খুচরা বাজারের চেয়ে টিসিবির পণ্যের দাম বেশি হওয়ার অভিযোগ তুলে ডিলাররা পণ্য ওঠাচ্ছেন না। বরিশাল অঞ্চলে টিসিবির ১৩৮ জন ডিলার থাকলেও চলতি কিস্তির পণ্য উঠিয়েছেন মাত্র তিনজন। ফলে সরকারের নেওয়া উদ্যোগ মাঠ পর্যায়ে কোনো প্রভাব ফেলতে পারছে না।টিসিবি বরিশাল কার্যালয় সূত্র জানায়, প্রতি কিস্তিতে টিসিবি যে পরিমাণ পণ্য সরবরাহ করে, ডিলাররা না ওঠানোয় তা গুদামেই পড়ে থাকে। চলতি সপ্তম কিস্তিতে বরিশালের প্রত্যেক ডিলারের অনুকূলে এক মেট্রিক টন চিনি, এক মেট্রিক টন ডাল, ৫০০ লিটার তেল বরাদ্দ দেওয়া হয়। ওইসব পণ্যের প্রতি কেজির ক্রয়মূল্য নির্ধারণ করা হয়—চিনি ৪৭, ডাল ৮৯ ও তেল ৯৭ টাকা। আর বিক্রয়মূল্য প্রতি কেজি চিনি ৫৫, ডাল ৯২ ও তেল ১০০ টাকা। টিসিবির সঙ্গে ডিলারদের চুক্তি অনুযায়ী, পরপর দুই কিস্তির পণ্য না ওঠালে জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিল হয়ে যাবে। তা জেনেও ডিলাররা পণ্য ওঠাচ্ছেন না।টিসিবির ডিলার মেসার্স মুন্না এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ আলম হাওলাদার বলেন, টিসিবির দেওয়া মশুর ডালের ক্রয়মূল্য ৮৯ টাকা। অথচ বাজার থেকে পাইকারি ডাল কেনা যাচ্ছে ৬৮ টাকায়। ক্রেতারা ৮০ টাকায় ডাল কিনতে পারলে ৯২ টাকা দিয়ে টিসিবির পণ্য কিনবে কেন! ডিলার লাল মিয়া জানান, বাজারে ডাল ৭০ টাকায় পাওয়া যায়। আর টিসিবি থেকে আনতে হয় ৮৯ টাকায়। তেলের দামও বেশি। রবীন্দ্রনাথ পালি অভিযোগ করেন, টিসিবি যে পরিমাণ পণ্য সরবরাহ করে, তা এলাকা পর্যন্ত নিয়ে আসতে পরিবহন খরচ অনেক বেশি পড়ে। সে কারণেও অনেক ডিলার পণ্য তুলছেন না। এদিকে নিজস্ব কার্যালয় না থাকায় গুদামের সামনে গাছতলায় বসে কাজ করতে হচ্ছে টিসিবি বরিশালের কর্মকর্তা-কর্মচারীদের। গতকাল রোববার সরেজমিনে টিসিবির গুদামে গিয়ে দেখা গেছে, গুদামের মধ্যে চিনি, ডাল এবং সামনে তেলের ড্রাম পড়ে আছে। নেই কোনো ডিলার। সেখানে কথা হয় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে। তাঁরা জানান, ওএমএসের চাল বিক্রিতে বেশি লাভ হওয়ায় ডিলাররা আমাদের পণ্য ওঠাচ্ছেন না। ফলে পণ্য গুদামেই থেকে যাচ্ছে। ১৩৮ জন ডিলারের মধ্যে প্রথম কিস্তিতে ৫৪, দ্বিতীয় কিস্তিতে ৫৩, তৃতীয় কিস্তিতে ৪২, চতুর্থ কিস্তিতে ৬৩, পঞ্চম কিস্তিতে ৩১, ষষ্ঠ কিস্তিতে ২৪ ও সপ্তম কিস্তিতে মাত্র তিনজন ডিলার পণ্য উঠিয়েছেন। টিসিবি বরিশাল কার্যালয়ের প্রধান গাজী মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওএমএস এবং টিসিবির ডিলার এক ব্যক্তি হওয়ায় সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তা ছাড়া ওএমএস ও টিসিবির পণ্যের ক্রয়মূল্যের মধ্যে ব্যবধান বেশি। এ কারণে ডিলাররা ওএমএসের পণ্য ক্রয়-বিক্রয়ে বেশি আগ্রহী। ফলে সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবে তেমন প্রভাব ফেলতে পারছে না।