পণ্য পরিবহন নীতিমালা বাস্তবায়ন না করতে নৌমন্ত্রীকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইটার জাহাজে সমুদ্রবন্দরগুলোয় পণ্য পরিবহন নীতিমালা বাস্তবায়ন না করতে নৌপরিবহনমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার। গতকাল শনিবার চেম্বারের সভাপতি মাহবুবুল আলম নৌপরিবহনমন্ত্রীর কাছে এ চিঠি দেন। চিঠিতে নৌ-মন্ত্রণালয়ের নানা পদক্ষেপের সমালোচনা করা হয়। সম্প্রতি নৌপরিবহনমন্ত্রীর নির্দেশে একটি কমিটি লাইটার জাহাজে সমুদ্রবন্দরগুলোয় পণ্য পরিবহন নীতিমালা প্রণয়ন করে। সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমেদ ৮ জুলাই এক বিজ্ঞপ্তিতে এই নীতিমালা কার্যকর হয়েছে বলে নোটিশ দেন।

চেম্বারের চিঠিতে বলা হয়, ব্যবহারকারী বা ব্যবসায়ী সংগঠনের সঙ্গে কোনো রকম আলাপ-আলোচনা না করে এই নীতিমালা প্রণয়ন করা হয়। অধিদপ্তরের মহাপরিচালকের এ ধরনের নীতিমালা প্রণয়ন ও অন্যের (ওয়াটার ট্রান্সপোর্ট সেলের আওতাভুক্ত) জাহাজে ৫০ শতাংশ পণ্য পরিবহনের বাধ্যবাধকতা প্রদানের কোনো এখতিয়ার বা আইনগত বৈধতা নেই। মন্ত্রণালয়ের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগসাজশে প্রণীত একতরফা এ নীতিমালা দেশের ব্যবসা-বাণিজ্যকেই জিম্মি করবে বলে চিঠিতে বলা হয়।

নৌ-মন্ত্রীকে চেম্বার সভাপতি চিঠিতে বলেন, আপনার মন্ত্রণালয়াধীন বিআইডব্লিউটিসি তাদের নির্দিষ্ট সংখ্যক জাহাজ চালাতে ব্যর্থ হয়ে ব্যক্তিমালিকানায় পরিচালনার দায়িত্ব অর্পণ করেছে, তারা পুরো দেশের জন্য কীভাবে সুষ্ঠুভাবে পণ্য পরিবহনব্যবস্থা চালু করবে তা আজ প্রশ্নের সন্মুখীন।