পণ্য পরিবহন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্য পরিবহন
পণ্য পরিবহন

তিন দফা অবরোধ কর্মসূচির কারণে সারা দেশে স্থবির হয়ে পড়া পণ্য পরিবহনব্যবস্থা ৫ ডিসেম্বর থেকে ধীরে ধীরে সচল হতে শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় পাহারায় এ সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন গড়ে সাত হাজারের বেশি পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করছে।

পণ্য পরিবহন সংস্থার মালিক, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র এ তথ্য জানিয়েছে। তবে এ সময়ে গাড়িভাড়া দু-তিন গুণ বেড়ে গেছে। ইতিমধ্যে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম অনেক বেড়েছে।
ব্যবসায়ী ও পরিবহন সমিতির সূত্র জানায়, স্বাভাবিক সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গড়ে ২৪ হাজারের বেশি গাড়ি চলাচল করে। এর মধ্যে যাত্রীবাহী বাস ও ছোট আকারের গণপরিবহনও রয়েছে। তবে এক সপ্তাহ ধরে পুলিশ, বিজিবি ও র‌্যাবের পাহারায় কেবল প্যণবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ও বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জরুরি রপ্তানি পণ্য পরিবহন শুরু হয়েছে। তবে মফস্বলের শহরগুলোতে পণ্য পরিবহনের বাধা দূর হয়নি। এ কারণে জরুরি জিনিসপত্র ভোক্তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। এতে গ্রামে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাচ্ছে না বলে আমাদের কাছে তথ্য আসছে।’

চট্টগ্রামে আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক চৌধুরী জাফর আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘এখন গড়ে প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার গাড়ি গন্তব্যে চলে যাচ্ছে। ঢাকা ও সীমান্তবর্তী স্থলবন্দর থেকে সমানসংখ্যক গাড়ি চট্টগ্রামে প্রবেশ করছে।’

পরিবহন সংস্থার মালিকেরা জানান, দুই সপ্তাহ আগেও ঢাকা-চট্টগ্রাম পথে কাভার্ড ভ্যানের ভাড়া এক লাখ টাকার ওপরে ওঠে। গাড়ি চলাচল বেড়ে যাওয়ায় গতকাল বৃহস্পতিবার প্রতিটি গাড়ির ভাড়া ২০-২২ হাজার টাকায় নেমে আসে। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম-ঢাকার পথে ট্রাক ভাড়া ১৪-১৫ হাজার টাকা বলে মালিকেরা জানিয়েছেন। তবে সীমান্তবর্তী স্থলবন্দরের ভাড়া এখনো কমছে না।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘পণ্য পরিবহনে স্থবিরতা কেটে যাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও সীতাকুণ্ড দিয়ে এখন গড়ে প্রতিদিন সাত হাজারের বেশি পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করছে। মহাসড়কের স্পর্শকাতর মোড়গুলোতে আমরা নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছি। আর পণ্যবাহী গাড়ির বহর আমরা এস্কর্ট দিয়ে বন্দরসহ গন্তব্যে পৌঁছে দিচ্ছি। ঢাকায় যেতেও সহযোগিতা করছি।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে নাশকতার কারণে এখন নিয়মিত টহল রয়েছে। জেলা প্রশাসন নাশকতা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। ফলে প্রকাশ্যে গাড়িতে অগ্নিসংযোগ ও কথায় কথায় মহাসড়ক অবরোধপ্রবণতা কিছুটা কমেছে।

২৮ বিজিবির পরিচালন কর্মকর্তা মেজর ওয়ালিদ মো. সাইফুল্লাহ বলেন, ‘সীতাকুণ্ড ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত। পণ্যবাহী গাড়িও এস্কর্ট দিয়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছি।’ বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচি এবং এর সঙ্গে চালানো নাশকতার কারণে পণ্য পরিবহনে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। হু হু করে পচনশীল পণ্যের দাম বেড়ে যায়। পেঁয়াজের দাম ১৩০ টাকা পর্যন্ত ওঠে। এ মৌসুমে পেঁয়াজের দাম ৩০ টাকার নিচে নেমে আসার কথা। ভারত থেকে চাহিদার বেশির ভাগ পেঁয়াজ আমদানি হয়। ভারতে পেঁয়াজের বর্তমান দর ১৬-১৭ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২৩-২৪ টাকা।

বেনাপোল সীমান্ত থেকে পেঁয়াজভর্তি প্রতিটি ট্রাকের ভাড়া ৮৫ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এক ট্রাকে সাড়ে ১৬ থেকে ১৭ টন পেঁয়াজ পরিবহন হয়। গতকাল বেনাপোল থেকে পেঁয়াজভর্তি কোনো ট্রাক ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেনি। আগের দিন বুধবার ১২ ট্রাক এবং গত মঙ্গলবার ১৭ ট্রাক পেঁয়াজ নিয়ে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিল বলে পরিবহন মালিক সমিতি সূত্র জানায়।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আজিমউদ্দিন গাজী প্রথম আলোকে বলেন, ‘স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ ঢাকা ও চট্টগ্রামে পরিবহন হতো। ওই সময়ে গড় ভাড়া ছিল ২৫-২৬ হাজার টাকা। ঝুঁকি বেড়ে যাওয়ায় ভাড়া বেড়ে এক লাখ টাকা পর্যন্ত ওঠে। বৃহস্পতিবার প্রতিটি ট্রাক পণ্যের ভাড়া ৮৫ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত নেমে এসেছে।’