পণ্য পরিবহনসংকট ও ভাড়া বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা-গোমতী সেতুপথে যানজটের কারণে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় চট্টগ্রামে পণ্য পরিবহনসংকট বেড়েছে। তা ছাড়া বিকল্প পথে চলাচলে বাড়তি জ্বালানিখরচও গুনতে হচ্ছে। এতে পরিবহন-ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে গেছে বলে জানা গেছে। জরুরি মেরামতের জন্য মেঘনা-গোমতী সেতুপথে ১ সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ছয়টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখা হচ্ছে। নির্ধারিত সময়ের পর আবার চলাচল শুরু হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট দেখা দেয় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবহন ব্যবসায়ীরা। অপরদিকে বিকল্প পথে ডাকাতের ভয়সহ নানা সমস্যা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। গতকাল সোমবার সকালে নগরের কদমতলী ‘গাড়ি বাজারে’ গিয়ে পরিবহনসংকট ও ভাড়া বৃদ্ধি নিয়ে মালিক ও চালকদের মধ্যে উৎকণ্ঠা দেখা যায়। পরিবহন মালিক আবদুল হামিদ বলেন, ‘গত পরশু আমার দুটি ট্রাক মালামাল নিয়ে ঢাকা গেছে। কিন্তু এখনো সেগুলো চট্টগ্রামে ফিরে আসেনি। আরও কিছু মালামাল পরিবহনের জন্য আমার একটি ট্রাকের দরকার। সে জন্য এখানে এসেছি।’ পরিবহন ব্যবসায়ী সূত্রে জানা গেছে, প্রতিদিন চট্টগ্রামের কদমতলী স্ট্যান্ড, বন্দর ও আশপাশের এলাকা থেকে প্রায় দুই হাজার পণ্যবাহী গাড়ি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। আগে যেখানে ট্রাক-কাভার্ডভ্যান বা মুভারের ভাড়া ১০ থেকে ১২ হাজার টাকা ছিল, মেঘনা-গোমতী সেতু বন্ধ হওয়ার পর থেকে তা বেড়ে ২০-২২ হাজার টাকায় গিয়ে ঠেকেছে। পরিবহনসংকট ও বিকল্প পথে চলাচলের কারণে ভাড়া দ্বিগুণ হয়ে গেছে বলে জানা গেছে। কদমতলী গাড়ি বাজারে পরিবহন মধ্যস্থতাকারী নাহিদ মুরাদ বলেন, ‘ঈদের পর থেকেই মূলত পরিবহন-ভাড়া হঠাৎ করে বাড়তে শুরু করে। কারণ, অনেক পরিবহন ব্যবসায়ী সেতু বন্ধের আগেই মালামাল পরিবহনের কাজ সেরে নিতে চেয়েছেন। কিন্তু এখন সেতুপথে যানজটের কারণে ট্রাক-কাভার্ডভ্যানগুলো ফিরে আসতে অনেক বেশি সময় লাগছে। এ কারণে এখানে পরিবহনসংকট সৃষ্টি হয়েছে। আবার বিকল্প পথে গন্তব্যে যেতেও সময় বেশি লাগছে। এসব কারণে পণ্য পরিবহন-ভাড়া দ্বিগুণ হয়ে গেছে।’ চট্টগ্রাম মহানগর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমীর পারভেজ প্রথম আলোকে বলেন, ‘আন্তজেলাগামী ট্রাক-কাভার্ডভ্যানগুলো সাধারণত বন্দর ও অন্যান্য জায়গা থেকে মালামাল নিয়ে রাতেই চলাচল করে। কিন্তু রাতে সেতু দিয়ে চলাচল বন্ধ থাকায় গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। ফলে একটি গাড়ি চট্টগ্রাম-ঢাকায় আসা-যাওয়ায় আগে যেখানে দুই দিন সময় লাগত, এখন সেখানে সময় লাগছে চার দিন। ফলে পরিবহনসংকটের কারণে নিয়মিত পণ্য চলাচল ব্যাহত হওয়ায় আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ ট্রাকচালক মো. রফিক বলেন, ‘বিকল্প পথে চলাচল আমাদের জন্য কোনোভাবেই নিরাপদ নয়। সড়কটি অপ্রশস্ত এবং এখানে চুরি-ডাকাতির ভয় রয়েছে প্রতি মুহূর্তে। তা ছাড়া কুমিল্লার পর এ সড়কের কোথাও আমাদের চা-নাশতা করার জন্য কোনো হোটেল-রেস্তোরাঁ নেই।’