বালু ও পাথরবোঝাই জাহাজগুলো সাভারের শ্যামলাসি ও রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা দিয়ে তুরাগ নদ পার হওয়ার সময় প্রবল স্রোতে আটকে যাচ্ছে। অনেক সময় স্রোতের টানে ভেসে গিয়ে জাহাজে জাহাজে সংঘর্ষও হচ্ছে। এসব কারণে এই নৌপথে পণ্য পরিবহনে অনেকটা অচলাবস্থা দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বিকেলে ভাটির দিকে আসা এমভি সুপার স্টার-২ নামের একটি জাহাজ গাবতলী যাওয়ার পথে শ্যামলাসি এলাকায় স্রোতের টানে ভেসে গিয়ে এমভি মদিনা নামে অপর একটি জাহাজকে ধাক্কা দেয়। এ সময় মদিনা প্রায় তলিয়ে যাওয়ার উপক্রম হলে ওই জাহাজে থাকা লোকজন নদীতে পণ্য ফেলে দিয়ে তা কোনো রকমে তীরে ভেড়ান। এর আগে গত শুক্রবার সকালে এমভি আলমাছ নামের বালুবোঝাই একটি জাহাজের সঙ্গে অপর একটি জাহাজের সংঘর্ষ হয়। পরে এমভি আলমাছ শ্যামলাসি খেয়াঘাটে নোঙর করে।
বিভিন্ন জাহাজের মাস্টার ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তুরাগ নদের দক্ষিণ তীরে শ্যামলাসি খেয়াঘাট ও উত্তর তীরে বছিলা এলাকায় সরকারি জমির ওপর একতা ব্রিকস ফিল্ডের অবস্থান। এই খেয়াঘাট ও ইটভাটার মাঝের নৌপথ বেশ সরু। ভাটার সময় তুরাগ নদের ওই সরু চ্যানেলে প্রবল স্রোতের সৃষ্টি হয়। এ সময় বালু ও পাথরবোঝাই বড় জাহাজগুলোর পক্ষে স্রোত ঠেলে উজানে যাওয়া কষ্টকর। অনেক সময় স্রোতের বিপরীতে জাহাজ যেতে না পেরে ভেসে গিয়ে পেছনে থাকা অন্য জাহাজের সঙ্গে ধাক্কা খায়।
এমভি আলমাছের মাস্টার রুহুল আমিন জানান, বালু নিয়ে সুনামগঞ্জ থেকে ঢাকার রোস্তপুরের উদ্দেশে ছেড়ে আসার সময় তিনি শুক্রবার সকালে শ্যামলাসি এলাকায় স্রোতের কবলে পড়েন। কোনোমতেই তিনি জাহাজটিকে উজানে ঠেলে নিতে পারছিলেন না। একপর্যায়ে স্রোতের টানে ভাসতে ভাসতে পেছন দিকে আসা অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা খায়। শ্যামলাসি টোটালিয়াপাড়ার খান মোহাম্মদ ওসমান, মেহের লালসহ আরও অনেকে জানান, নদের উত্তর তীরে একতা ব্রিকসর অর্ধেকেরও বেশি এলাকা বিআইডব্লিউটিএ–এর পক্ষ থেকে পিলার গেড়ে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর পরও ভাটা উচ্ছেদে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় নদ ক্রমশ ছোট হয়ে আসছে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম জানান, ইতিমধ্যে মোহাম্মদপুর থানায় তুরাগ নদের ওই এলাকার অবৈধ দখলদারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।