
ঢাকার সাভারের রেডিও কলোনি-নামাবাজার সড়কের বাঁশপট্টি এলাকার একটি সেতু দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি। এতে স্থানীয় নামাবাজারে পণ্য পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এলাকার একমাত্র পাইকারি বাজারটিতে ঢুকতে না পারায় ব্যবসায়ীদের বিভিন্ন সড়কে ট্রাক থামিয়ে পণ্য খালাস করতে হচ্ছে। এ কারণে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে।
বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নামাবাজরে অন্তত তিন হাজার ব্যবসায়ী আছেন। এই ব্যবসায়ীদের পণ্য পরিবহনের অন্যতম ভরসা ছিল রেডিও কলোনি-নামাবাজার সড়ক। আগে ওই সড়ক দিয়ে পণ্যবাহী ট্রাকগুলো সরাসরি বাজারের ভেতরে ঢুকতে পারত। কিন্তু বছর দুয়েক আগে সড়কের বাঁশপট্টি এলাকার সেতুর ওপরের অংশ ধসে পড়ে। পরে পৌর কর্তৃপক্ষ সেতুটির ধসে পড়া অংশ কোনো রকমে মেরামত করে। এরপর সেতুর ওপর দিয়ে ভারী যানচলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়।
ব্যবসায়ীরা বলেন, বিকল্প হিসেবে ব্যবসায়ীরা সাভার বাজার রোড ও থানা রোডে পণ্য পরিবহন করতেন। কিন্তু রাস্তা সরু হওয়ায় ওই দুই সড়ক দিয়ে বাজারে ট্রাক ঢোকানো সম্ভব হয় না। এ কারণে সড়কের ওপরই ট্রাক থামিয়ে পণ্য খালাসের পর রিকশাভ্যান ও নছিমনে করে গুদামে পণ্য নিতে বাধ্য হচ্ছেন তাঁরা।
সাভার বাজারের ব্যবসায়ী সুমন অ্যান্ড ব্রাদার্সের মালিক নিতাই লাল সাহা বলেন, জরাজীর্ণ সেতুর কারণে বাজারে সরাসরি ট্রাক ঢুকতে পারে না। ফলে গুদামে পণ্য আনতে তাঁদের বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। এ জন্য বস্তাপ্রতি ৮-১০ টাকা করে রিকশাভ্যান ও নছিমন ভাড়া দিতে হচ্ছে তাঁদের।
মোহনা অয়েল মিলের মালিক আবদুর রাজ্জাক বলেন, ‘দুই বছর আগে আমি মিলের কাছেই ট্রাক থামিয়ে পণ্য খালাস ও ট্রাকে পণ্য ভরতে পারতাম। কিন্তু সেতুটি চলাচল অনুপযোগী হয়ে পড়ায় সেতুর অপর প্রান্তে ট্রাক রেখে পণ্য খালাস করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে।’
গত বুধবার সাভার বাজার রোড ও থানা রোড এলাকায় গিয়ে শতাধিক ট্রাক থেকে পণ্য খালাস করতে দেখা যায়। এলোপাতাড়ি করে থামিয়ে রাখা ট্রাকের কারণে হাঁটাচলা করতে পারছিলেন না পথচারীরা। সাভার কাঠপট্টি এলাকার নূরুল ইসলাম ও বাজার রোডের আলমগীর হোসেন বলেন, পণ্যবাহী ট্রাকের কারণে স্বাভাবিক হাঁটাচলা করা যায় না। রাত-দিন সড়ক দুটিতে যানজট লেগেই থাকে। তাঁরা বলেন, সরু সড়কে যানবাহনের অধিক চাপ থাকায় মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটছে। মাস তিনেক আগে দুই ট্রাকের মাঝের ফাঁকা স্থান দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাকের চাপায় হারুন-অর-রশীদ নামের এক চিকিৎসক নিহত হন।
ধামরাইয়ের সুঙ্গর গ্রামের কৃষক মোতালেব মিয়া বলেন, সবজি নিয়ে সাভার বাজারে যাওয়ার সময় থানা রোডের যানজটে তাঁদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয়।
সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইমাম বলেন, সেতুটি মেরামতের জন্য কয়েক মাস আগে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সংস্কার করা হবে।