পণ্য পরিবহনে চাঁদাবাজির বিষয়ে পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্য পরিবহনে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ৭২ ঘণ্টার মধ্যে তা জানাতে বলেছেন আদালত।
আজ রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশের পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।
গতকাল শনিবার দৈনিক প্রথম আলোয় ‘বগুড়া থেকে চট্টগ্রাম পথে পথে চাঁদাবাজি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এটি বিবেচনায় নিয়ে আদালত আজ এ আদেশ দেন বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায় জানান।
রুলে পণ্য পরিবহনে চাঁদাবাজি কেন অবৈধ হবে না এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, রেলওয়ে পুলিশসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।