পণ্য পরিবহনে নতুন ফটক ও গুদাম চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে নতুন একটি ফটক ও পণ্য রাখার শেড (গুদাম) চালু করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নতুন ফটক ও গুদামের উদ্বোধন করেন নৌপরিহনমন্ত্রী শাজাহান খান। উদ্বোধনের পরই ফটক দিয়ে গাড়ি আসা-যাওয়া শুরু হয়।
বন্দরের কর্মকর্তারা জানান, ‘এনসিটি-৩’ নামের এই ফটক ব্যবহার করে আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনারবাহী গাড়ি আনা-নেওয়া করা যাবে। ফটকটি দিয়ে একসঙ্গে চারটি গাড়ি বন্দরে ঢুকতে ও বের হতে পারবে। এই ফটক দিয়ে প্রবেশ ও বের হওয়া গাড়ি এবং কনটেইনারের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এ নিয়ে বন্দরে পণ্যবাহী গাড়ি আনা-নেওয়ার মূল ফটকের সংখ্যা দাঁড়িয়েছে নয়টিতে। ফটকটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় পৌনে ছয় কোটি টাকা। ফটকের পাশে ৬ কোটি ৮৯ লাখ টাকায় নির্মাণ করা হয়েছে পণ্য রাখার একটি শেড। প্রায় চার হাজার বর্গমিটার আয়তনের এই শেডে আমদানি পণ্য সংরক্ষণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘আমরা খাদ্য রপ্তানি করছি। পাকিস্তান জঙ্গি রপ্তানি করছে।’ বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিদের দিয়ে আক্রমণ করে পাকিস্তান চিমটি কাটছে। বড় ধরনের আক্রমণ করার জন্য তারা চিমটি কাটছে।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান।
বন্দরের চেয়ারম্যান বলেন, নতুন ফটক চালু হওয়ায় বন্দরে পণ্যবাহী গাড়ি চলাচলে আরও গতিশীলতা বাড়বে। বন্দর ব্যবহারকারীরাও আগের চেয়ে বেশি সুবিধা পাবেন।
সনদ হস্তান্তর: পৃথক অনুষ্ঠানে শিপিংবিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম লয়েডস লিস্ট-এর পক্ষ থেকে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের হাতে সনদ তুলে দেওয়া হয়। বিশ্বের সেরা ১০০ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দর ১১ ধাপ এগিয়ে যাওয়ায় লয়েডস লিস্ট-এর পক্ষ থেকে কাপ্টেন জিল্লুর রহমান এই সনদ তুলে দেন।
বন্দর এলাকার শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বন্দর কর্তৃপক্ষ।
গত আগস্ট মাসে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমটি কনটেইনার পরিবহনের সংখ্যায় বিশ্বের সেরা ১০০ বন্দরের তালিকা প্রকাশ করে। ওই তালিকা অনুযায়ী চট্টগ্রাম বন্দর ১১ ধাপ এগিয়ে ৭৬তম অবস্থান অর্জন করে। বিষয়টি নিয়ে গত ২ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘১১ ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।
সনদ হস্তান্তর অনুষ্ঠানে শাজাহান খান বলেন, ২০০৯ সাল থেকে হিসাব করা হলে সেরা বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দর ২২ ধাপ এগিয়েছে। এবার চট্টগ্রাম বন্দর পাকিস্তানের করাচি বন্দরকে ফেলে সামনে এগিয়েছে।
অনুষ্ঠানে বন্দরের চেয়ারম্যান বলেন, এই সনদ সাফল্যের স্বীকৃতি। এ জন্য বন্দরের সাবেক চেয়ারম্যান, বন্দর ব্যবহারকারীদেরও প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংসদ এম এ লতিফ প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রামের পাঁচ সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও শামসুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এই অর্জন ধরে রাখতে হলে বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। না হলে এই অর্জন ধরে রাখা যাবে না। প্রস্তাবিত ‘বে টার্মিনাল’ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে বন্দরের বিদম্যান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন বন্দরের পর্ষদ সদস্য কমোডর শাহীন রহমান।