পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের, ঝুঁকিতে যাত্রীবাহী বিমানও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

আন্তর্জাতিক মানদণ্ডে নিরাপত্তার ঘাটতি থাকায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পণ্য পরিবহনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। ৩১ মার্চের মধ্যে দুই দেশের সম্মত কর্মপরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা জোরদারের কাজ শুরু না হলে বাংলাদেশ বিমানের যুক্তরাজ্যগামী সরাসরি যাত্রীবাহী ফ্লাইটও নিষেধাজ্ঞায় পড়তে পারে। গত মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া এক চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এমন ইঙ্গিত দিয়েছেন।
এর আগে গত বছরের নভেম্বরে ঢাকা থেকে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে অস্ট্রেলিয়া। যা এখনো বহাল আছে।
শেখ হাসিনাকে ডেভিড ক্যামেরনের পাঠানো চিঠির বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ও অবগত আছে বলে মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বুধবার প্রথম আলোকে জানিয়েছেন। তিনি বলেন, আকাশপথে যুক্তরাজ্যে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞার ফলে বাণিজ্যিকভাবে মূলত ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ বিমান। কারণ, এখন একমাত্র বাংলাদেশ বিমানই ঢাকা থেকে যুক্তরাজ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করে।
শেখ হাসিনার কাছে ডেভিড ক্যামেরনের চিঠির বিষয়ে জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন কোনো মন্তব্য করতে অপারগতা জানান। তিনি গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে সরাসরি পণ্য পরিবহন সাময়িকভাবে স্থগিত করার কথা যুক্তরাজ্য সরকার মঙ্গলবার জানিয়েছে।
রাশেদ খান মেনন বলেন, ‘যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী প্যাট্রিক ম্যাকলাউলিন গতকাল (মঙ্গলবার) ফোনে এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছেন। তিনি আগামী ৩১ মার্চের মধ্যে কর্মপরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার কাজ শুরুর তাগিদ দিয়েছেন।’ তিনি জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করতে সরকার ইতিমধ্যেই নতুন নিরাপত্তা বাহিনী গঠনের পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ আনুষঙ্গিক কাজের জন্য বাড়তি অর্থ বরাদ্দ করেছে।
গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে জরুরি সরঞ্জাম সরবরাহ ও সংস্থাপন’ প্রকল্পের জন্য প্রায় ৯০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। ওই প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের স্ক্যানার, তরল ও বিস্ফোরক দ্রব্য শনাক্তকরণ ব্যবস্থা, ব্যারিয়ার গেটসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনার কথা রয়েছে বলে জানা গেছে।
গত অক্টোবরে পেতে রাখা বোমায় মিসরের সিনাই উপত্যকায় রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হওয়ায় বিভিন্ন দেশের বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের তাগিদ দিচ্ছে পশ্চিমা দেশগুলো। এরপর থেকেই বাংলাদেশসহ আরও কিছু দেশকে বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট তাগাদা দিয়ে আসছে।
পশ্চিমা দেশগুলোর পক্ষে যুক্তরাজ্যের বিমান নিরাপত্তা-বিষয়ক দপ্তর বিশ্বের ২০টি দেশের নিরাপত্তাঝুঁকিতে থাকা ৩৮টি বিমানবন্দরের যে তালিকা তৈরি করেছে, তাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ পাশ্চাত্যের কয়েকটি দেশের পক্ষে বিভিন্ন দেশের বিমানবন্দরের নিরাপত্তা মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয় যুক্তরাজ্যকে। এরপর থেকে ঢাকায় কয়েক দফা সফর করেছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা। তাঁরা বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়ে আসছেন।
চিঠিতে যা আছে: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যে চিঠি লিখেছেন, তাতে গত বছরের নভেম্বর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করতে যুক্তরাজ্যের কর্মকর্তাদের কয়েক দফা সফরের প্রসঙ্গটি টেনেছেন। প্রাথমিক মূল্যায়নের পর নিরাপত্তা ঘাটতি চিহ্নিত করে তা দূর করার জন্য একটি কর্মপরিকল্পনা তৈরির কথাও উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, সন্ত্রাসের ব্যাপারে ন্যূনতম ছাড় না দেওয়ার নীতির ধারাবাহিকতায় যুক্তরাজ্যের সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে এটা স্পষ্ট যে, বিমানবন্দরের নিরাপত্তার সমস্যা দূর করতে শেখ হাসিনা দৃঢ়প্রতিজ্ঞ। সর্বশেষ মূল্যায়নে যুক্তরাজ্যের কর্মকর্তারা বিমানবন্দরের নিরাপত্তায় ধারাবাহিকভাবে বড় ধরনের ঘাটতি থাকার বিষয়টি উল্লেখ করেছেন। সম্প্রতি মিসর ও সোমালিয়ায় বিমানে হামলার পর এটি যুক্তরাজ্যের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।
শেখ হাসিনাকে দেওয়া চিঠিতে ডেভিড ক্যামেরন বলেছেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাজনিত সমস্যার মূলে আছে প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী এবং যথাযথ নজরদারির ঘাটতি। তাই আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণের লক্ষ্যে বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রমে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই। বিমানবন্দরের নিরাপত্তাজনিত ঝুঁকি দূর করার লক্ষ্যে দ্রুততার সঙ্গে একটি কর্মপরিকল্পনা তৈরির জন্য বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে কাজ করতে যুক্তরাজ্যের কর্মকর্তাদের বলা হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে এই কর্মপরিকল্পনার বাস্তবায়ন শুরু করতে বলা হয়েছে। ৩১ মার্চের মধ্যে এটি হলে তা নতুন করে আর কোনো পদক্ষেপ নেওয়া এড়াতে সহায়তা করবে। এ ধরনের পদক্ষেপের মধ্যে থাকতে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি যুক্তরাজ্যে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখেছেন, ‘এই পরিকল্পনা কার্যকর হওয়ার আগে আমাদের অবশ্যই নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকিগুলো কমাতে হবে। তাই বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের সরাসরি পণ্য পরিবহন সাময়িকভাবে বন্ধ রাখা নিশ্চিত করতে আমাদের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। যুক্তরাজ্যের কর্মকর্তারা পণ্য নিরাপত্তায়ও ঘাটতি খুঁজে পেয়েছেন। পণ্য পরিবহনে নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্যগামী সরাসরি ফ্লাইটের অন্যান্য নিরাপত্তার ব্যাপারে বিমানবন্দরের কর্মীদের মনোযোগের সঙ্গে কাজ করতে সহায়ক হবে।’
চিঠিতে আরও বলা হয়, বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয়ে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান অংশীদার বাংলাদেশের ওপর এই সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাবের ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী সচেতন আছেন। বিমানবন্দরে যুক্তরাজ্যের কর্মকর্তাদের চলমান সহযোগিতার অংশ হিসেবে, আগামী সপ্তাহ থেকে স্ক্যানার অপারেটরদের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। এ মাসের শেষে বাড়তি আরও কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা খুঁজে বের করে প্রয়োজনীয় সহায়তা দিতে তাঁদের কর্মকর্তারা তৈরি আছেন।
ডেভিড ক্যামেরন বলেন, ‘আমি আশা করি, দ্রুততার সঙ্গে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ব্যাপারটি আপনি বুঝতে পারছেন। আকাশপথে সত্যিকারের ঝুঁকি আছে এবং আমাদের নাগরিকদের সুরক্ষা দেওয়া প্রয়োজন। আকাশপথে একটি নিশ্ছিদ্র নিরাপত্তাকাঠামো গড়ে তুলতে বিশ্বের সব দেশের অবশ্যই আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ করা উচিত। এ ক্ষেত্রে আপনাকে সহযোগিতার জন্য যুক্তরাজ্য সরকার তৈরি আছে।’
এদিকে যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞার খবরটি প্রচার করা হয়। ‘বাংলাদেশ এয়ারপোর্ট আপডেট’ শীর্ষক ওই ঘোষণায় যুক্তরাজ্য বলছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কিছু শর্ত পূরণ করা হয়নি। অন্তর্বর্তীকালীন পদক্ষেপের অংশ হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে যুক্তরাজ্যে পণ্য পরিবহন করতে দেওয়া হবে না।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে যেসব বিমান সংস্থা অন্য দেশ হয়ে যুক্তরাজ্যে অবতরণ করে, সেগুলোর পণ্য পরিবহন অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে যুক্তরাজ্যে যাত্রার আগে ওই সব বিমান সংস্থাকে সংশ্লিষ্ট দেশ থেকে পণ্যগুলো পুনরায় স্ক্যান করতে হবে। এ বিষয়ে আরও তথ্যের জন্য যুক্তরাজ্যে ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।