রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে বিলম্ব দূর করার তাগিদ দিয়েছেন বন্দর ও কাস্টমস ব্যবহারকারীরা। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যবহারকারীরা এই তাগিদ দেন।
সভায় বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফরিদ উদ্দিন, চট্টগ্রাম কাস্টমসের নতুন কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান, সদ্য বিদায়ী কমিশনার হোসেন আহমেদ। সভায় ফ্রেইট ফরোয়ার্ডার, শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক সাহেদ সরোয়ার সভায় বলেন, আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের সেবা দেওয়ার জন্য ডিপোগুলোয় অনেক সীমাবদ্ধতা রয়েছে। রাজস্ব আদায় বাড়াতে হলে বন্দর ও ডিপোগুলোর সক্ষমতা বাড়াতে হবে।
ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক অমিয় শংকর বর্মণ বলেন, রপ্তানি পণ্যভর্তি কনটেইনারের ওজন মাপার কার্যক্রম এখনো ঠিকমতো সম্পন্ন করতে পারছে না ডিপোগুলো। এতে রপ্তানি খাতে সমস্যা হচ্ছে।
এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন বলেন, এ অর্থবছরে ৩৯ হাজার ৬২২ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা পূরণে বন্দর ও কাস্টমস ব্যবহারকারীদের সহযোগিতা চান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ, বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।