পণ্য পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে এক জরুরি সভায় বলা হয়েছে, এই বিমানবন্দর থেকে সরাসরি পণ্য পরিবহনে যুক্তরাজ্যের সাময়িক নিষেধাজ্ঞা অনাকাঙ্ক্ষিত। কারণ, নিরাপত্তা বাড়াতে সরকারের বেশ কিছু পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছিল দেশটি।
ওই সভায় আশা প্রকাশ করা হয়েছে, নিরাপত্তার সম্মত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে যুক্তরাজ্য দ্রুত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই মত প্রকাশ করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্মত কর্মপরিকল্পনাকে আরও ত্বরান্বিত করতে ৩১ মার্চ পর্যন্ত দিনের একটি সময়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং সচিব বিমানবন্দরে দাপ্তরিক কাজ করবেন। বৈঠকের পর মন্ত্রণালয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিরাপত্তার ‘আন্তর্জাতিক মানদণ্ডে’ ঘাটতি থাকায় যুক্তরাজ্য গত মঙ্গলবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পণ্য পরিবহনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। ৩১ মার্চ দুই দেশের সম্মত কর্মপরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা জোরদারের কাজ শুরু না হলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যুক্তরাজ্যগামী সরাসরি ফ্লাইট নিষেধাজ্ঞায় পড়তে পারে। এ বিষয়গুলো উল্লেখ করে ডেভিড ক্যামেরন ৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন।
বিবিসিকে মন্ত্রী: মন্ত্রী রাশেদ খান মেনন গতকাল বিবিসি বাংলাকে বলেন, ‘নিরাপত্তা ঘাটতি দূর করতে গত চার মাসে তাদের (যুক্তরাজ্যের) দেওয়া লোক দিয়ে আমাদের প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে অন্য বিষয়গুলো হচ্ছে। আমি মনে করি, স্ক্যানারে কিছু ভুল তারা ধরেছে। কিন্তু সাময়িকভাবে এখান থেকে কার্গো নেওয়া বন্ধ করার পদক্ষেপ আমি আশা করিনি। এ ব্যাপারে ব্রিটেনের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো হচ্ছে। বাংলাদেশ সরকারের ইতিমধ্যে নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে চিঠির জবাব দেবেন।’
সভায় মূল্যায়ন: মন্ত্রণালয়ের গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পণ্য পরিবহনে যুক্তরাজ্যের সাময়িক নিষেধাজ্ঞাসহ বিমানবন্দরের সার্বিক নিরাপত্তাব্যবস্থার উন্নয়ন, পণ্য রাখার জায়গার সুবিধা বাড়ানো এবং এর আগে নেওয়া পদক্ষেপগুলো গতকালের জরুরি সভায় মূল্যায়ন করা হয়।
সভায় জানানো হয়, ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন, এভিয়েশন টিম এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। নিরাপত্তাব্যবস্থার আধুনিকায়নে বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। আধুনিক সরঞ্জাম কিনতে ৯ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় ৯০ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলো সন্তোষজনক বলে জানিয়েছিল ব্রিটিশ হাইকমিশন।