পণ্য বুঝে নিতে বন্দরে প্রবেশের সুযোগ চায় ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধ, চট্টগ্রাম বন্দরে পরিবহন মালিক সমিতির প্রতিনিধিকে প্রবেশের অনুমতি দেওয়াসহ বিভিন্ন দাবি জানিয়েছে আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় পাঁচ হাজার ট্রাক ও কাভার্ড ভ্যান দিয়ে চট্টগ্রাম বন্দরের লাখ লাখ টন মালামাল পরিবহন করা হয়। বন্দরে সিঅ্যান্ডএফের প্রতিনিধিরা প্রবেশের সুযোগ পান। কিন্তু মালামাল খোয়া যাওয়ার অজুহাতে সিঅ্যান্ডএফের প্রতিনিধিরা চালকদের দায়ী করেন। অশিক্ষিত বা অর্ধশিক্ষিত চালকের কাছে বন্দরের ভেতরে মালামাল বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু সেই চালকেরা মালামাল বুঝে নেওয়ার মতো পারদর্শী নন। তাই সিঅ্যান্ডএফের প্রতিনিধির মতো পরিবহন মালিক সমিতির প্রতিনিধিকে বন্দরে প্রবেশের সুযোগ দিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ ও সন্ত্রাসীরা চাঁদাবাজি করছে। চাঁদা না দিলে চালক ও মালিককে অহেতুক হয়রানি করা হয়। এতে পরিবহন খরচ বেড়ে যায়। এ ছাড়া সীতাকুণ্ডের ওজন নির্ণয়ক যন্ত্র পরিচালনার দায়িত্ব সেনাবাহিনীর কাছে ন্যস্ত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুনীর আহমেদ, কার্যকরী সভাপতি মোহাম্মদ আজাদ দোভাষ প্রমুখ।
সংবাদ সম্মেলনের পর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করতে তাঁর চশমা হিলের বাড়িতে যান সংগঠনের নেতারা। এ সময় মহিউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশে পণ্য পরিবহনে সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য বন্দর কর্তৃপক্ষ, প্রশাসন ও পরিবহন মালিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।