রাজশাহীতে সন্ত্রাস-সহিংসতা চলছেই। গতকাল বুধবারও শিবিরের কর্মীরা কুপিয়ে মারাত্মক আহত করেছেন ছাত্রলীগের এক নেতাকে। পুড়িয়ে দিয়েছেন চারটি মোটরসাইকেল। এর মধ্যে আরও এক সংকট ঘনিয়ে আসছে রাজশাহীবাসীর জীবনে।
বিএনপি-জামায়াতের টানা হরতাল-অবরোধে কেবল লোকজনই অবরুদ্ধ নন, সব প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ-প্রক্রিয়াও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এরই মধ্যে ব্যবসায়ীরা কৃত্রিম সংকটেরও আশঙ্কা করছেন।
গত দুই দিনে এখানকার ছোট-বড় নানা ধরনের ব্যবসায়ী, পেশাজীবী, শ্রমজীবী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বোঝা গেল, সরবরাহ বন্ধ হওয়ার প্রভাব ক্রমেই তীব্র হচ্ছে। বাজারে এখন অনেক দরকারি জিনিস সহজে পাওয়া যাচ্ছে না। আগে হাতের কাছেই যে দ্রব্যটি পাওয়া যেত, তা পেতে এখন সারা শহর খুঁজতে হচ্ছে। টাকাও খরচ হচ্ছে বেশি। লোকজনের মনে ভয়, আর কিছুদিন এমন চললে হয়তো টাকা দিয়েও দরকারি জিনিসটি কিনতে পাওয়া যাবে না।
রাজশাহী শহরটি প্রায় সম্পূর্ণ আমদানিনির্ভর। কৃষিপণ্য ছাড়া বলতে গেলে কিছুই উৎপাদিত হয় না। দরকারি জিনিসের জোগান না এলে জনজীবন বিপর্যস্ত হবে।
গত কয়েক দিনে যে দরকারি জিনিসগুলো প্রায় দুর্লভ বা দূর্মূল্য হয়ে উঠেছে তার মধ্যে আছে—এলপি গ্যাসের সিলিন্ডার, বিভিন্ন ধরনের শিশুখাদ্য, জ্বালানি কাঠ ও নির্মাণসামগ্রী। রাজশাহীতে অতিসম্প্রতি গ্যাস এলেও এখন পর্যন্ত অল্পকিছু বাড়িতে সংযোগ গেছে। রান্না হয় মূূলত এলপি গ্যাস ও চেলাকাঠে। দুটোই আসে বাহির থেকে। সরবরাহ বন্ধ থাকায় বাজারে প্রতিটি গ্যাস সিলিন্ডারের দাম দেড় থেকে দু্ই শ টাকা বেড়েছে। অনেক জায়াগায় পাওয়াও যাচ্ছে না।
শহরের লক্ষ্মীপুরের ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর ফার্মেসির সাফায়েত উল ইসলাম জানালেন, মঙ্গলবার এক হাজার ৫৫০ টাকার গ্যাসের সিলিন্ডার কিনেছেন এক হাজার ৭০০ টাকায়। তাও পাওয়া যাচ্ছে না। কোনো রকমে একটি সিলিন্ডার জোগাড় করেছেন।
জ্বালানি কাঠ আসে আশপাশের বিভিন্ন জেলা থেকে। কাঠের সরবাহও বন্ধ। চেলাই কাঠের দাম ছিল ২০০ টাকা মন। এখন উঠেছে ২২৫ টাকায়। ‘চুলো না জ্বললে তো না খেয়ে মরতে হবে। জনগণ মরল না বাঁচল তাতে কার কী এসে যায়। এটা কি আর জনগণের দেশ! এটা রাজনীতিক আর প্রশাসনের লোকেদের দেশ।’ প্রচণ্ড ক্ষোভ নিয়ে বলছিলেন সাফায়েত উল ইসলাম।
শিশুখাদ্য নিয়েও প্রায় হাহাকার। পাড়া-মহল্লার যেসব দোকানে হাত বাড়ালেই সেরিল্যাক, ল্যাকটোজেন, নিডো, হরলিক্স—এসব পাওয়া যেত, তা দুষপ্রাপ্য। সাহেববাজার এলাকায় বা বড় কোনো দোকানে যদিও কিছু কিছু পাওয়া যাচ্ছে, তবে প্রতিদিনই তার দাম বাড়ছে।
সাহেববাজারের বিশাল কনফেকশনারির মো. আবুবকর সিদ্দিক জানালেন, প্রতিটি ব্র্যান্ডের শিশুখাদ্য ও গুঁড়া দুধের দাম ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। সরবরাহের সমস্যা। এখন কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে দাম আরও বাড়বে।
নির্মাণসামগ্রীর দাম বেড়েছে সবচে বেশি। নির্মাণকাজই প্রায় বন্ধের পথে। অলকার মোড়ের নির্মাণসামগ্রী ব্যবসায়ী শিমুল আহমেদ জানালেন, ৪২০ টাকা বস্তার সিমেন্টের দাম এখন সর্বনিম্ন ৫৫০ টাকা। মাস খানেকের বেশি হলো সিমেন্ট আসা বন্ধ। সিমেন্ট আসে কুমিল্লা, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম থেকে।
একই অবস্থা বালুর ক্ষেত্রেও। যে বালুর দাম ছিল এক হাজার ৭০০ টাকা ট্রাক, গতকাল তার দাম ছিল সাড়ে তিন হাজার টাকা। কাছেই পদ্মা। সেখানে বালুু যথেষ্ট। কিন্তু তুলে আনার উপায় নেই। ট্রাক পথে নামলেই হামলা। রডের দাম ছিল ৪২ টাকা কেজি, হয়েছে ৫২ টাকা।
শিমুল আহমেদ জানান, এককথায় বললে, ভালো আছে শুধু মোবাইলের ফ্ল্যাক্সি লোডের ব্যবসা। আর সব কিছুর অবস্থা খারাপ।
হোটেলে তালা: রাজশাহীর অনেক হোটেলে তালা ঝুলছে। জেলা হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান জানালেন, বাহির থেকে লোকই আসছে না। স্থানীয় লোকজনও এখন বাহিরে খেতে আসছেন কম। শহরে সমিতির নিবন্ধিত হোটেল-রেস্তোরাঁ ৫৩টি। ব্যবসা প্রায় অর্ধেকে নেমে গেছে। অথচ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্তই তাঁদের ব্যবসার প্রধান মৌসুম। স্কুল-কলেজে পরীক্ষা শেষ। এ সময় উত্তরাঞ্চলের জেলাগুলোর প্রচুর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাসবোঝাই শিক্ষার্থী রাজশাহীতে শিক্ষা সফরে আসে। তাদের খাবার সরবরাহ করাটাই এই মৌসুমের প্রধান ব্যবসা। আবার বিয়েশাদিও বেশি হয়।
অবরোধের কারণে শিক্ষা সফর বন্ধ। বিয়ের অনুষ্ঠানও কমে গেছে। তাঁর মতে, গত কয়েক দশকের মধ্যে হোটেল-রেস্তোরাঁর ব্যবসা এখন সবচেয়ে খারাপ। আবাসিক হোটেলেও একই সংকট। ভ্রমণের মৌসুম চলছে। দেশ-বিদেশের অতিথিরা আসতে পারছেন না।
আসলে সরবরাহ প্রক্রিয়া এমন বিষয়, তার সঙ্গে জীবনযাত্রার সবকিছুই সমন্বিত। যানবাহন চলাচল বন্ধ থাকায় থমকে গেছে সেই প্রক্রিয়া। ব্যবসা-বাণিজ্য, ঘর-সংসার—সবকিছুতেই পড়তে শুরু করেছে তার মারাত্মক প্রভাব। ক্রমেই স্থবির হয়ে আসছে স্বাভাবিক জীবনধারা।