পণ্যবাহী জাহাজ চলাচলে সমঝোতা স্মারক সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে কনটেইনারবাহী জাহাজ চলাচল সংক্রান্ত সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও জার্মানি।গতকাল বুধবার বার্লিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে জার্মানির ডেপুটি চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী গুডিও ভেস্টারভেলের বৈঠকের পর সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এ ছাড়া দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত আরও একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ওই সমঝোতা স্মারকে জার্মানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব স্বীকার করে এ বিষয়ে সর্বাত্মক সহায়তার বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের ভাষাশহীদ দিবস একুশে ফেব্রুয়ারি কয়েক বছর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। দুই মন্ত্রীই বর্তমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে এ পর্যন্ত প্রায় ২০০ কোটি ইউরো সহায়তা দিয়েছে জার্মানি। এর পুরোটাই দেওয়া হয়েছে অনুদান হিসেবে। এ সহায়তা ভবিষ্যতে আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে বলে বৈঠকে জানিয়েছেন গুডিও ভেস্টারভেলে।জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে অভিযোজনের জন্য আরও বেশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা দিতে দীপু মনি জার্মানিকে অনুরোধ জানান। মন্ত্রীদের উপস্থিতিতে জাহাজ চলাচলের বিষয়ে বাংলাদেশের অমনি গ্রুপ ও জার্মানির কমোরস্কি সমঝোতা স্মারকে সই করে। বর্তমানে বাংলাদেশের সঙ্গে জার্মানির বাণিজ্যের পরিমাণ প্রায় ২৬৩ কোটি ইউরো। ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানির সঙ্গেই সবচেয়ে বেশি বাণিজ্য হয় বাংলাদেশের।